Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জোড়াব্রিজ থেকে কুশমণ্ডির সরলা পর্যন্ত ৬ কিমি রাস্তা বেহাল, সমস্যায় কৃষকরা

জোড়াব্রিজ থেকে কুশমণ্ডির সরলা পর্যন্ত ৬ কিমি রাস্তা বেহাল, সমস্যায় কৃষকরা
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: জোড়াব্রিজ থেকে কুশমণ্ডির সরলা পর্যন্ত ৬ কিমি গ্রামীণ সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রাম জোড়াব্রিজ থেকে সরলা যাওয়ার গ্রামীণ সড়ক ১০ বছরেও সংস্কার হয়নি। এক সময় পিচের রাস্তা ছিল। কিন্তু বর্তমানে পিচ উঠে রাস্তা কঙ্কালসার অবস্থা হয়েছে। রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় বর্ষায় চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। সরলা, হাসরোইল, গোদল, ডাঙ্গা, কামারপাড়া, গোয়ালুমোড়, চান্দিয়ামোড়, আলসিয়ামোড়, টিকলাইচণ্ডী, ভাদুরিয়া সহ প্রায় ১৫টি গ্রামের বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রশাসনিক কাজে গঙ্গারামপুর বা বুনিয়াদপুর শহরে যেতে হয়। কুশমণ্ডি ব্লকে প্রচুর সব্জি চাষ হয়। ওইসব গ্রাম থেকে কৃষকরা প্রতিদিন উৎপাদিত সব্জি নিয়ে বুনিয়াদপুর শহরের কিষানমাণ্ডিতে আসেন। গ্রামীণ অর্থনীতি নির্ভর করে যোগাযোগ ব্যবস্থার উপর। কিন্তু বেহাল গ্রামীণ সড়ক সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। 
Advertisement
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাস্তাটি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের অন্তর্গত। দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় প্রশ্ন তুলছেন বাসিন্দারা। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ভাদুরিয়া জোড়াব্রিজ থেকে কুশমণ্ডির সরলা রাস্তাটি কোন দপ্তরের সঠিক বলতে পারছি না। যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও প্রধানমন্ত্রী সড়ক যোজনার অন্তর্ভুক্ত থাকে তবে ইঞ্জিনিয়াদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করা হবে। যদি রাস্তাটি জেলা পরিষদের হয়ে থাকে তবে আমাদের সংস্কারের ফান্ড নেই। অর্থ বরাদ্দ হলে দ্রুত সমস্যার সমাধান হবে।   
সরলা গ্রামের বাসিন্দা কালু সরকার, হাসরোইল গ্রামের সমাজকর্মী দিলীপ মাহাত বলেন, সরলা থেকে বদলপুর দিয়ে বুনিয়াদপুরে উৎপাদিত সব্জি কৃষকরা বুনিয়াদপুর কিষানমান্ডিতে নিয়ে যান। রাস্তা বেহাল থাকায় সাইকেলে করে সব্জি বুনিয়াদপুরে নিয়ে যেতে খুব কষ্ট করতে হয়। রাস্তা খারাপ থাকায় টোটো যেতে চায় না। ১০ বছর ধরে রাস্তাটি সংস্কার হয়নি। আমরা চাই সকলের স্বার্থে দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক। 
Advertisement
সম্পর্কিত সংবাদ