নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সম্প্রতি জবরদখল তুলতে আসা রেলের কর্মী, অফিসারদের তাড়া করার নিদান দিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রবিবার তিনি নিজেই জবরদখল ভাঙতে আসা কর্মীদের তাড়ালেন। ঘটনার জেরে ব্যান্ডেল লোকোপাড়ায় চাঞ্চল্য ছড়ায়। এদিন ফের একবার রেলের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিধায়ক।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ব্যান্ডেল লোকোপাড়ায় রেলের জবরদখল হয়ে থাকা বস্তি উচ্ছেদ করতে এসেছিলেন একজন ঠিকাদার। রেলের কাছে বরাত পেয়ে তাঁরা কাজে এসেছিলেন। ঘটনার খবর পেয়ে বিধায়ক সেখানে যান। তারপরই তিনি নিজেই ওই কর্মীদের তাড়া করেন। পরিস্থিতি বেগতিক দেখে উচ্ছেদ অভিযান বন্ধ রেখে ঠিকাদারও সরে পড়েন। বিধায়ক বলেন, আগেও বলেছি, আবারও বলব– পুনর্বাসন না দিয়ে রেলকে উচ্ছেদ করতে দেব না। আমার বিধানসভা এলাকায় দাদাগিরি চলবে না। বিজেপির জেলা নেতা সুরেশ সাউ বলেন, তৃণমূল কংগ্রেসই বস্তি বসিয়েছে। পুনর্বাসন রাজ্য সরকার দিক।



