নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াবাগানে বিট্টু সিংহের মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গুর উল্লেখ থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। টেস্ট রিপোর্টে ধরা না পড়লেও কেন শংসাপত্রে ডেঙ্গু লেখা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি স্বাস্থ্যদপ্তরের কাছে তদন্তেরও দাবি করেছেন। এই আবহেই রবিবার মৃতের বাড়ি গেলেন প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, এলাকার তৃণমূল কর্মীরা তাঁদের ঘিরে ধরে পাড়াছাড়া হওয়ার হুমকি দেন। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Advertisement
জোড়াবাগানে মৃতের বাড়িতে যাওয়া প্রতিনিধি দলে ছিলেন উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি রানা রায়চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, দলের সম্পাদক সুমন রায়চৌধুরী প্রমুখ। রবিবার বেলা ১টায় তাঁরা সেখানে যান। কংগ্রেস নেতাদের দাবি, কেউ মৃতের বাড়ি চিনিয়ে দিচ্ছিলেন না। পরে অতিকষ্টে পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়। সুমন রায়চৌধুরী বলেন, পরিবারের সঙ্গে কথাবার্তার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার এলাকার কিছু মদ্যপ যুবক নানাভাবে হুমকি দিতে থাকেন। এলাকা থেকে দ্রুত বেরিয়ে যেতে, বলা হয় আমাদের। রীতিমতো ঘিরে ধরে ওরা চিৎকার করছিল। তৃণমূলের লোকজনরা প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বলেও অভিযোগ। তাঁদের অভিযোগের তির জোড়াবাগান অঞ্চলের ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিজয় উপাধ্যায়ের অনুগামীদের দিকেই। যদিও, এ ব্যাপারে জানতে চাওয়া হলে কাউন্সিলার বিজয় উপাধ্যায় বলেন, আমি কলকাতায় নেই। এমন কিছু হয়েছে বলেও শুনিনি।



