নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াবাগানে প্রকাশ্য রাস্তায় এক যুবককে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিস। গুরুতর জখম হয়েছিলেন অমিত সোনকার নামের ওই যুবক। তাঁরই দুই জ্যাঠতুতো ভাই সহ মোট তিনজনকে রবিবার গভীর রাতে পাকড়াও করেন তদন্তকারীরা। ধৃতদের নাম উত্তম সোনকার, অবিনাশ সোনকার ও সঞ্জয় চক্রবর্তী। অবিনাশের তোলা ভিডিও পুলিসের কাজ সহজ করে দেয়। ওই ভিডিও দেখেই অভিযুক্তদের চিহ্নিত করে পুলিস। অভিযুক্তদের এদিন আদালতে পেশ করা হলে পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে, এই ঘটনায় আরও দুই অভিযুক্ত পলাতক।
Advertisement
রবিবার সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় ফেলে চপার দিয়ে কোপানো হয় অমিতকে। নাক, গলা, বুক থেকে অঝোরে রক্ত বেরতে থাকে ৩৪ বছরের যুবকের। স্থানীয়রাই জোড়াবাগান থানায় খবর দেন। পুলিস এসে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। পুলিস জানিয়েছে, রবিবার রাতে অমিতের অবস্থা সঙ্কটজনক ছিল। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। আহতের মুখে একাধিক জায়গায় সেলাই পড়েছে বলে সূত্রের খবর। কিন্তু, কী কারণে তাঁকে রাস্তায় ফেলে কোপানো হল? ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, পারিবারিক গণ্ডগোলের জেরেই এই ঘটনা। খুড়তুতো, জ্যাঠতুতো ভাইদের মধ্যে প্রায় বছর দেড়েক ধরে বিবাদ চলছে। সম্পত্তিগত বিবাদ থেকেই মারামারির সূত্রপাত। মাস ছ’য়েক আগে উত্তম সোনকারকে বেধড়ক মারধর করে অমিত। তার জেরে জোড়াবাগান থানার পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। দুর্গাপুজোর সময় জেল থেকে জামিনে মুক্তি পায় অমিত। এর প্রতিশোধ নেওয়ার জন্য ফুঁসছিল উত্তম। রবিবার রাতে পাড়ার কয়েকজন বন্ধুকে নিয়ে অমিতের উপর হামলা চালায় উত্তম সহ পাঁচ অভিযুক্ত।
পুলিস সূত্রে খবর, অমিতকে কোপানোর সময় সেই দৃশ্য মোবাইল বন্দি করে অভিযুক্তরা। সেই ভিডিও একে অপরকে শেয়ার করতে গিয়ে ভুলবশত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় অভিযুক্তরা। সেই ভিডিও হাতে আসে পুলিসের। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেলেও সেই ভিডিওই কাল হল তাদের। অভিযুক্তদের চিহ্নিত করার পাশাপাশি ফোনের লোকেশন ট্র্যাক করে তিনজনকে পাকড়াও করে জোড়াবাগান থানার পুলিস।