Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হিউস্টনে পরবর্তী রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান

হিউস্টনে নক-আউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। সুইডেনের বিরুদ্ধে ১-১ ড্র করে পরবর্তী রাউন্ডে পৌঁছাল তারা। বিস্তারিত পড়ুন।

হিউস্টনে পরবর্তী রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নেদারল্যান্ডস-৩    :        তিউনিসিয়া-১
জাপান-১           :            সুইডেন-১

Advertisement

কানসাস সিটি: নক-আউট পর্বের প্রথম ম্যাচে কে হবে ব্রাজিলের প্রতিপক্ষ। তা জানতে সকলের নজর ছিল গ্রুপ ‘এফ’এর দিকে। ভারতীয় সময় শুক্রবার ভোরে নির্ধারণ হয়ে গেল এই গ্রুপের ভাগ্য। তিউনিসিয়াকে ৩-১ ব্যবধানে উড়িয়ে গ্রুপ টপার হয়ে সাম্বা ব্রিগেডকে এড়িয়ে গেল নেদারল্যান্ডস। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। ফলে রাউন্ড অব ৩২’তে ডাচেরা মুখোমুখি হবে মরক্কোর। অন্যদিকে, জাপান-সুইডেন ম্যাচ শেষে হল ১-১ গোলে। এই ড্রয়ের সুবাদে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে পৌঁছল এশিয়ার দেশটি। এবার জাপান খেলবে নেইমার-ভিনিসিয়াসদের বিরুদ্ধে। এই গ্রুপের তৃতীয় দল সুইডেন। একটি জয় ও একটি ড্রয়ের সৌজন্যে তাদের ঝুলিতে ৪ পয়েন্ট। 
কানসাস সিটিতে ফেভারিটের তকমা নিয়েই খেলতে নেমেছিল নেদারল্যান্ডস। শুরু থেকেই  ছন্দ মেলে ধরেন গাকপোরা। প্রত্যাশিত গোল আসে তৃতীয় মিনিটেই। ডেনজেল ডামফ্রায়েস গোলমুখী শট ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই জড়ান ইলিয়াস স্কিহিরি (১-০)। ব্যবধান ডাবল হয় মাত্র ৪ মিনিট পরেই। ভার্জিল ফন ডিকের হেড করা বল পেয়ে দুরন্ত ভলিতে জাল কাঁপান ব্রায়ান ব্রবে (২-০)। বিরতির পর ৫৪ মিনিটে হাজেম মাস্তরির লক্ষ্যভেদে ব্যবধান কমায় তিউনিসিয়া (২-১)। তবে ৬২ মিনিটে তাদের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ইয়ান পল ফন হেকু (৩-১)। 
অপর ম্যাচে সুইডেনের বিরুদ্ধে দুরন্ত ফুটবল উপহার দেয় জাপান। গতি ও স্কিলের ঝলক থাকলেও প্রথমার্ধে জাল কাঁপাতে ব্যর্থ হয় এশিয়ার দেশটি। ৫৬ মিনিটে শেষ পর্যন্ত ভাঙে সুইডিশ দুর্গ। ডাইজেন মেডার দুরন্ত লক্ষ্যভেদে লিড নেয় জাপান (১-০)। কিন্তু ৬২ মিনিটে সুইডেনকে সমতায় ফেরান অ্যান্টনি এলাঙ্গা। বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে জাল কাঁপান তিনি (১-১)।

Advertisement
সম্পর্কিত সংবাদ