Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ: বেঙ্গালুরু ও কলকাতার শিল্প সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর

জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ: বেঙ্গালুরু ও কলকাতার শিল্প সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার বেঙ্গালুরু ও কলকাতার দুই শিল্প সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর হল জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের। রবিবার কলেজের অডিটোরিয়ামে ওই মউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্তারা। 

Advertisement

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল অমিতাভ রায় বলেন, বেঙ্গালুরু ও কলকাতার দু’টি শিল্প সংস্থার সঙ্গে এদিন আমাদের মউ চুক্তি হয়েছে। বেঙ্গালুরুর সংস্থাটি তথ্যপ্রযুক্তি নির্ভর। কলকাতার সংস্থাটি মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত। ওই দুই সংস্থায় আমরা কলেজ থেকে পড়ুয়াদের পাঠাব। তারা সেখানে ইন্টার্ন হিসেবে কাজ করতে পারবে। এতে তাদের হাতেকলমে কাজ শেখার সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে আমাদের কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা পড়ুয়ারা সেখানে চাকরির সুযোগ পেতে পারে। এদিন মউ স্বাক্ষর হওয়া সংশ্লিষ্ট  দুই সংস্থায় জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বছরে কমপক্ষে ৮০ জন পড়ুয়া ইন্টার্নশিপ করার সুযোগ পাবে বলে দাবি প্রিন্সিপালের। 
দু’দিন আগে জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) সঙ্গে মউ স্বাক্ষর হয়েছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের। শিক্ষা ও গবেষণায় প্রসারের উদ্যোগে ওই মউ সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের তরফে। এদিন দুই নামী শিল্প সংস্থার সঙ্গে মউ চুক্তি হওয়ার মধ্যে দিয়ে কলেজের সাফল্যের মুকুটে নয়া পালক যুক্ত হল বলে দাবি পড়ুয়া থেকে শিক্ষক, অভিভাবকদের। 
জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল এদিন আরও বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা আমাদের কলেজে আসে। তাদের মেধা সত্যিই গর্ব করার মতো। চলতি বছরে ক্যাম্পাসিংয়ে প্রচুর সংস্থা এসেছে। অনেক সংস্থা অনলাইনে ক্যাম্পাসিংয়ে অংশ নিয়েছে। একাধিক নামী সংস্থায় আমাদের পড়ুয়ারা মোটা টাকার জব অফার পেয়েছে। সবচেয়ে খুশির খবর, ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডের (বেল) মতো সরকারি সংস্থাও এবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিংয়ে এসেছে। এ বছর ক্যাম্পাসিংয়ের মাধ্যমে একশো শতাংশ পড়ুয়ার জব প্লেসমেন্ট হবে বলে আশাবাদী আমরা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ