নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পিংলার জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের থিম, কোচবিহার রাজবাড়ি। এই কমিটির পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চমীর দিন থেকে সাধারণ মানুষ মণ্ডপ দর্শন করতে পারবেন। ওই দিন থাকছে বিশেষ অনুষ্ঠান। পুজো উদ্যোক্তারা জানান, এবার মণ্ডপের উচ্চতা হচ্ছে প্রায় ৫৫ ফুট। একই সঙ্গে সাবেকি দুর্গা মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে। পুজো কমিটির সদস্যরা জানাচ্ছেন, পঞ্চমী থেকে দ্বাদশী পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। মণ্ডপ প্রাঙ্গণে বসছে মেলা। এই মেলায় বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন। ৪ অক্টোবর হবে প্রতিমা বিসর্জন। পুজো কমিটির সম্পাদক কার্তিকচন্দ্র বেরা বলেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আমাদের পুজো মণ্ডপ দর্শন করতে আসেন। একেবারে হুবহু কোচবিহার রাজবাড়ির আদলেই মণ্ডপ তৈরি করা হয়েছে। কয়েক মাস আগে থেকেই পুজোর আয়োজন শুরু হয়। সকল সদস্য কঠোর পরিশ্রম করে পুজোর আয়োজন করেছেন। পুজো কমিটির কার্যকরী সভাপতি অশ্বিনীকুমার ঘোড়াই বলেন, এবছর ভিড়ের সমস্ত রেকর্ড ভেঙে যাবে। পুলিশ ও স্থানীয় প্রশাসন নানাভাবে সহযোগিতা করছে। সকলকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।



