নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: মায়ের নামে আসা আবাসের টাকা জুয়া খেলায় ওড়ানো নিয়ে বচসার জেরে ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। মৃতের নাম ঝড় রানা(৪৫)। বাড়ি চিল্কিগড় পঞ্চায়েতের টুলিবড় গ্ৰামে। ছোট ভাইয়ের অভিযোগের ভিত্তিতে বড় দাদা যুগল রানাকে গ্ৰেপ্তার করেছে পুলিস।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়েছেন। মেজ ছেলে ঝড় ইট কেনার নাম করে টাকা নেন। সেই টাকার কিছুটা তিনি জুয়া খেলায় উড়িয়ে দেন। তা নিয়ে বড় দাদার সঙ্গে অশান্তি চলছিল। বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের মধ্যে বচসা বাধে। সেইসময় দাদা যুগল রানা শাবল জাতীয় অস্ত্র দিয়ে ভাইয়ের মাথায় আঘাত করে বলে অভিযোগ। জখম অবস্থায় ঝড়কে চিল্কিগড় গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, চিল্কিগড় পঞ্চায়েতের টুলিবড় গ্ৰামের বাসিন্দা তিন ভাই। বৃদ্ধ মায়ের সঙ্গে তিন ভাই থাকেন। সবাই দিনমজুরি করে সংসার চালান। বড় ও মেজ দু’জনই বিয়ে করেননি। ছোট ভাই বিয়ে করলেও স্ত্রী মাসখানেক আগে মারা গিয়েছে। মা লক্ষ্মী রানা বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। বাড়ি তৈরির প্রস্তুতি চলছিল। মায়ের কাছ থেকে নেওয়া টাকার কিছুটা জুয়া খেলায় উড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে অশান্তির সূত্রপাত হয়। ওই রাতে সেই বিবাদ চরম আকার নেয়। ওই রাতেও জুয়ার ঠেকে ঝড় গিয়েছিলেন। সেখানেই দুই ভাইয়ের মধ্যে তুমুল অশান্তি হয়। বচসা চলাকালীন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। স্থানীয় সিভিক ভলান্টিয়ারা জখম মেজ ভাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ছোট ভাই হেমন্ত রানা বলেন, মা বাড়ি তৈরির টাকা পেয়েছে। বাড়ি তৈরির প্রস্তুতি চলছিল। মেজদা মায়ের কাছ থেকে ইট কেনার জন্য কিছু টাকা নিয়েছিল। ইট কেনাও হয়েছিল। কিছু টাকা জুয়া খেলায় উড়িয়ে দেয়। তা নিয়ে অশান্তি শুরু হয়। বড় দাদা রাগের মাথায় ঘটনাটি ঘটিয়েছে। যার জেরে মেজদার মৃত্যু হয়। শুক্রবার সকালে জামবনী থানায় গিয়ে লিখিত অভিযোগ করি।



