নয়াদিল্লি: ছক ছিল, দিদিমণির সঙ্গে নেহাতই মজা করার। তাই ক্লাসরুমে তাঁর চেয়ারের নীচে তৈরি করা বোমা লুকিয়ে রেখেছিল হরিয়ানার স্কুলের দ্বাদশ শ্রেণির তিন পড়ুয়া। ভিওয়ানির বোপারা গ্রামের ওই স্কুলের ১৩ জন ছাত্র সেই সময় ক্লাসরুমে হাজির ছিল। তাদের সকলকেই এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। শনিবার ওই শিক্ষিকা চেয়ারে বসতে গেলেই বিস্ফোরণ ঘটে। দিদিমণির কিছু হয়নি। সঙ্গে সঙ্গে খবর যায় শিক্ষাদপ্তরে। রাজ্যের তরফে তড়িঘড়ি সেই স্কুলে এসে তদন্ত শুরু করা হয়। তাতেই তিন পড়ুয়ার নাম উঠে আসে। শিক্ষাদপ্তরের তরফে স্কুল তো বটেই, একইসঙ্গে ওই ক্লাসের সব ছাত্রকেও নোটিস ধরানো হয়েছে। ওই এলাকার গ্রাম পঞ্চায়েতকেও সমন পাঠানো হয়েছে। ইউটিউব দেখেই বোমা তৈরির পদ্ধতি অভিযুক্তরা রপ্ত করেছিল বলে জানা যাচ্ছে। জেলা শিক্ষা আধিকারিক নরেশ মেহতা জানান, অভিযুক্ত ছাত্রদের বরখাস্ত করার ওই ছাত্রদের পরিবারের তরফে তাঁদের কাছে ক্ষমা চাওয়া হয়। অন্যদিকে ওই শিক্ষিকা সহ স্কুলের অন্য শিক্ষকরাও ছাত্রদের ক্ষমা করে দিয়েছেন বলে জানা যাচ্ছে।



