নিজস্ব প্রতিনিধি, আসানসোল ও সংবাদদাতা কাটোয়া: ইউপিএসসি’র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল করলেন পশ্চিম ও পূর্ব বর্ধমানের দুই কৃতী। দু’জনেই টপার। একজন, আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী। তিনি প্রথম স্থানাধিকারী। অন্যজন, আউশগ্রামের বিল্টু মাঝি। তিনি হয়েছেন দ্বিতীয়। গুরুত্বপূর্ণ এই সরকারি চাকরির পরীক্ষায় দু’জনের এহেন নজরকাড়া সাফল্যে উচ্ছ্বসিত দুই বর্ধমানের সাধারণ মানুষ থেকে প্রশাসনিক মহল। ইউপিএসসিকে একেবারে পাখির চোখ করে এগিয়েছিলেন সিঞ্চন ও বিল্টু। সঙ্গে অদম্য অধ্যবসায়। তাতেই তাক লাগানো সাফল্য।সিঞ্চন আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। বাড়ি শহরের মাদার টেরেজা সরণিতে। পরে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে উপর মাস্টার্স করেন। মোটামুটি স্বচ্ছল পরিবার। বাবা প্রদীপ অধিকারী মাইন্স বোর্ড অব হেলথের কর্মী। মা সুজাতাদেবী গৃহবধূ। সাফল্যের পুরো কৃতিত্বটাই সিঞ্চন দিতে চান বাবা-মাকে। প্রদীপবাবু বলছিলেন, ‘ইউপিএসসিতে পাশ করা ওর স্বপ্ন ছিল। কিন্তু এভাবে দেশের মধ্যে প্রথম স্থান দখল করবে, তা ভাবিনি। খুব ভালো লাগছে।’ মিশনের প্রধান শিক্ষক গোবিন্দ মহারাজ বলেন, ‘সিঞ্চন ছোটবেলা থেকেই খুব মেধাবী। ওঁর এই সাফল্যে আমরা গর্বিত।’



