Bartaman Logo
২৭ মে, ২০২৬

ইউনুস সরকার সম্পর্কে হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না: বিক্রম মিস্রি

ইউনুস সরকার সম্পর্কে হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না: বিক্রম মিস্রি
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি, ১২ ডিসেম্বর: বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না। ঢাকা সফর শেষ করে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে অবস্থান স্পষ্ট করেছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে।
Advertisement
ওই প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস সাংসদ শশী থারুর নেতৃত্বাধীন ওই কমিটির কাছে মিস্রি বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনও একটি একক রাজনৈতিক দল বা নির্দিষ্ট সরকার কেন্দ্রীক নয়।” তিনি আরও বলেন, “হাসিনা তাঁর মন্তব্য প্রচার করার জন্য ব্যক্তিগত যোগাযোগ যন্ত্র ব্যবহার করেছেন। ভারত সরকার তাঁকে এমন কোনও সুবিধা প্রদান করেনি, যার মাধ্যমে তিনি ভারতের মাটি থেকে তাঁর রাজনৈতিক কার্যকলাপ চালাতে সক্ষম হন।”
প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় দিল্লির উদ্বেগের কথা ঢাকাকে জানায় মিস্রি। হাসিনা সরকার পতনের পর গত সোমবার প্রথম কোনও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসে ভারত এবং বাংলাদেশ। সকালে বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক করেন মিস্রি। পরে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বৈঠকে সংখ্যালঘুদের সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে ধর্মীয় স্থানে হামলার ঘটনাকে দুঃখজনক বলেও অভিহিত করেছেন মিস্রি। তিনি বলেন, “ভারত বাংলাদেশের সঙ্গে সর্বদা একটি পারস্পরিক ইতিবাচক সম্পর্ক চায়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলায় ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। সাংস্কৃতিক এবং ধর্মীয় স্থানে একাধিক হামলার বিষয়টিও উত্থাপন কর হয়েছে।”
অন্যদিকে, ওই বৈঠকে ইউনুস বলেন, “বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন। কারণ, হাসিনা ভারত থেকে অনেক বিরূপ মন্তব্য করছেন। তাঁর মন্তব্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মাঝে একটা কালো মেঘ তৈরি হয়েছে। দু’দেশের প্রচেষ্টায় তা নির্মুল করে করে এগিয়ে যেতে হবে।”
সম্পর্কিত সংবাদ