নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ইউজিসির নতুন খসড়া শিক্ষাবিধি নিয়ে সংসদে সরব হলেন মহুয়া মৈত্র। দেশের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীকরণ করা হচ্ছে বলে বিজেপি সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর দাবি, ইউজিসির এই নতুন খসড়া রাজ্য সরকারের ক্ষমতাকে খর্ব করবে। যা দেশের আইন বিরোধী। এই নতুন ব্যবস্থা দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আঘাত আনবে। এই নিয়ে সংসদে তাঁর দেড় মিনিটের বক্তব্য নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেন সাংসদ তথা তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি মহুয়া মৈত্র। যা দ্রুত ভাইরাল হয়। শিক্ষা ব্যবস্থা নিয়ে নেত্রীর এই বক্তব্যে উজ্জীবিত হন কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূলের সদস্যরা।
Advertisement
সম্প্রতি ইউজিসির তরফ থেকে শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের এই নতুন খসড়া শিক্ষাবিধি ইউজিসির ২০১৮ সালের ব্যবস্থার পরিবর্তন ঘটাবে। যা নিয়ে শুরু থেকেই বিতর্ক দেখা দেয়। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং উপাচার্য নিয়োগের পদ্ধতিতে বড় পরিবর্তন আনার কথা ভাবছে ইউজিসি। খসড়ায় দেখা গিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের ক্ষমতাকে খর্ব করা হয়েছে।



