মিলান: তাঁর হতে ধরেই শেষবার বড়ো সাফল্যের মুখ দেখেছিল ইতালি। রবার্তা মানচিনির প্রশিক্ষণে ২০২০ ইউরো জেতে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ২০২২ বিশ্বকাপের আসরে দল যোগ্যতা অর্জনে ব্যর্থ হতেই চাকরি হারাতে হয়েছিল তাঁকে। কোচ বদলেও সমস্যা মেটেনি। পরের চার বছরে ব্যর্থতার সেই তিমিরেই আজ্জুরিরা। ২০১৮ ও ২০২২ সালের পর ২০২৬ বিশ্বকাপ আসরেও যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় পাওলো মালদিনি, ডেল পিয়েরোর দেশ। তার জেরে ফের একবার কোচ ছাঁটাইয়ের পথে হাঁটে দেশের ফুটবল ফেডারেশন। জেনারো গাত্তুসোকে সরিয়ে ইতালির দায়িত্বে ফেরেন মানচিনি। জাতীয় দলের দ্বিতীয় ইনিংসের শুরুটা প্রত্যাশিত না হলেও, দ্রুত দলকে গুছিয়ে নিচ্ছেন এই অভিজ্ঞ কোচ।
নেশনস লিগে বেলজিয়ামের কাছে হারের ধাক্কা কাটিয়ে শেষ তিন ম্যাচে অপরাজিত তারা। এর মধ্যে তুরস্কের বিরুদ্ধে দু’টি ম্যাচেই জয় পেয়েছে আজ্জুরি ব্রিগেড। পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ড্র করেন বারেল্লারা। বৃহস্পতিবার ফের একবার মুখোমুখি হচ্ছে দু’দল। ঘরের মাঠে এবার এমবাপেদের টেক্কা দিতে মরিয়া তারা। উল্লেখ্য, ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। আর ১০ পয়েন্টে শীর্ষে ফ্রান্স। ফলে ঘরের মাঠে জিতলে নক-আউটের টিকিট নিশ্চিতের পথে অনেকটাই এগিয়ে যাবে আজ্জুরিরা। অন্যদিকে, অ্যাওয়ে ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে মরিয়া জিনেদিন জিদান-ব্রিগেড। তবে চোটের কারণে এই ম্যাচে অনিশ্চিত এমবাপে। বুধবার দলের সঙ্গে অনুশীলন করেন তিনি।
এদিকে, গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচ জিতে ইতিমধ্যেই শেষ আটের টিকিট নিশ্চিত করেছে স্পেন। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে চেকিয়ার বিরুদ্ধে ছন্দ বজায় রাখাই লক্ষ্য লুই ডে লা ফুয়েন্তে ব্রিগেডের। তবে চোটের কারণে এই ম্যাচে নেই ইয়ামাল, রড্রি ও ওয়ারজাবালের মতো গুরুত্বপূর্ণ ফুটবলার। গ্রুপের অপর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। টুর্নামেন্টে স্পেনের কাছে হারের ধাক্কা কাটিয়ে টানা তিন ম্যাচে জয় পেয়েছে টমাস টুচেলের ছেলেরা। বৃহস্পতিবার ঘরের মাঠে সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য হ্যারি কেনদের।



