Bartaman Logo
২৭ মে, ২০২৬

ইস্তানবুলে আটকে পড়া যাত্রীদের ফেরাতে বিমান পাঠাল ইন্ডিগো

ইস্তানবুলে আটকে পড়া যাত্রীদের ফেরাতে বিমান পাঠাল ইন্ডিগো
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: উড়ান বাতিল। তার জেরে তুরস্কের ইস্তানবুল বিমানবন্দরে আটকে পড়লেন ইন্ডিগোর কয়েকশো যাত্রী। অবশেষে তাঁদের দেশে ফেরাতে দু’টি বিমান (এ ৩২১ নিও এয়ারক্রাফ্ট) পাঠাল বেসরকারি ওই বিমান পরিবহণ সংস্থা। প্রায় দু’দিন ধরে আটকে থাকায় বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ইস্তানবুল বিমানবন্দর থেকে রাত ৮টা ১০ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ইন্ডিগোর একটি বিমানের। পরে যাত্রীদের বলা হয়, বিমানটি পরদিন দুপুর দেড়টায় ছাড়বে। একইভাবে পিছিয়ে দেওয়া হয় মুম্বইগামী একটি বিমানকেও। ১২ তারিখ রাত ৮টা ১৫তে ছাড়ার কথা থাকলেও প্রথমে বলা হয়, তা ছাড়বে রাত ১১টায়। পরে ঘোষণা করা হয়, ১৩ তারিখ সকাল ১০টায় ছাড়বে বিমানটি। ফলে আটকে পড়েন প্রায় ৪০০ জন যাত্রী। শুক্রবার বিকল্প বিমানের ব্যবস্থা করা হলেও টেকনিক্যাল সমস্যার কারণে বাতিল হয়ে যায় দিল্লিগামী উড়ান। এক যাত্রী জানান, বিমান যাত্রা পিছিয়ে গেলেও তাঁদের খাবার, জল, থাকার জায়গা দেওয়া হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ