নয়াদিল্লি: আইপিএলে শতরান হাঁকিয়ে রাতারাতি প্রচারের আলোয় প্রিয়াংশ আর্য। সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি, শ্রেয়স আয়াররা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তরুণ তুর্কিকে। কিন্তু, দিল্লি ক্রিকেটের ভয়াবহ স্বজনপোষণে ডুবতে বসেছিল প্রিয়াংশের কেরিয়ারই। ডিসেম্বরে বিজয় হাজারে ট্রফিতে দিল্লির টিমে ছিলেন তিনি। কিন্তু অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে ব্যর্থতার দোহাই দিয়ে আসর শুরুর একদিন আগে ছাঁটাই করা হয় বাঁ-হাতি ব্যাটারকে। সেদিন অসহায় প্রিয়াংশ পাশে পেয়েছিলেন ইশান্ত শর্মাকে। ডিডিসিএ প্রেসিডেন্ট রোহন জেটলির কাছে তাঁকে নিয়ে যান তারকা পেসার। তাতেই কাজ হয়। প্রিয়াংশ অবশ্য জাত চেনাতে সময় নেননি। কয়েকদিন পরই দিল্লি প্রিমিয়ার লিগে করেন শতরান। সেই ইনিংসে এক ওভারে ছ’টি ছক্কাও হাঁকান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আসে সেঞ্চুরি। মেগা নিলামে ৩.৮ কোটি টাকায় তাঁকে নেয় পাঞ্জাব। সেই আস্থারই মর্যাদা রাখলেন তিনি।



