নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েতের একটি মার্কেট কি কোনও অসাধু চক্র দখলের চেষ্টা করা হচ্ছে? এনিয়ে জল্পনা তৈরি হয়েছে বিষ্ণুপুর ২ ব্লকের গোবিন্দপুর কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে। কারণ কালীপুজোর রাতে গোবিন্দপুর পঞ্চায়েত মার্কেট বলে নামটি মুছে ফেলা হয়। এই নিয়ে তীব্র বিতর্ক তৈরি হলে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন পঞ্চায়েত প্রধান পুনম মান্না। জানা গিয়েছে, বাম আমলে এই মার্কেট তৈরি হয়েছিল। সেখানে ৫৫টি দোকান আছে। সেখান থেকে ভাড়া বাবদ উপার্জিত অর্থ পঞ্চায়েতেরই নানা কাজে ব্যয় করা হয়। কিন্তু হঠাৎ ২০ অক্টোবর রাতের অন্ধকারে কেউ বা কারা ওই মার্কেটের নাম মুছে সেখানে অন্য নামের বোর্ড লাগিয়ে দেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই হইচই শুরু হয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে কারা এই কাজ করেছে, সেই খোঁজ চলছে। পঞ্চায়েতের একাংশ মনে করছে, প্রভাবশালী কোনও নেতা এই কাজের সঙ্গে জড়িত থাকতে পারেন। কালীপুজোর ছুটি থাকাকালীন এই নিয়ে বিশেষ কোনও পদক্ষেপ করা হয়নি বলে খবর। তবে নতুন যে বোর্ড লাগানো হয়, সেটি খুলে দেওয়া হয়েছে। প্রধান বলেন, বিষয়টি বিভিন্ন মহলে জানানো হয়েছে। কে একাজ করেছেন, সেটা জানি না। তবে দোষ করলে কাউকেই ছাড়া হবে না। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশও তদন্ত করছে।



