‘ব্র্যান্ড সলমন’ বাঁচাতে সিক্যুয়েলের উপরেই কি ভরসা রাখছেন সলমন খান? বক্স অফিসে আশাপ্রদ ফল করতে ব্যর্থ সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিকান্দর’। রবিবার প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ৭ দিনে মাত্র ১৮৭.৮৪ কোটি টাকা আয় করেছে ছবিটি। মুক্তির আগে এই ছবি ঘিরে আগ্রহ ছিল দর্শক মহলে। তবে বক্স অফিস কালেকশনে সেই ছাপ পড়েনি। এই আবহে শোনা যাচ্ছে, ‘বজরঙ্গী ভাইজান’-এর সিক্যুয়েল তৈরিতে আগ্রহী ভাইজান। কথায় বলে পুরনো চাল নাকি ভাতে বাড়ে। গত কয়েক বছর ধরে বলিউডে সিক্যুয়েলের ধুম পড়েছে। একাধিক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি পর্দায় ফিরেছে। এবার সেই তালিকায় ‘বজরঙ্গী ভাইজান’। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি নানা মহলে প্রশংসিত। সম্প্রতি ছবির চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে দেখা করেছেন সলমন। দু’জনের মধ্যে সিক্যুয়েল সম্পর্কে আলোচনাও হয়েছে। ‘আরআরআর’, ‘বাহুবলী’র মতো ছবির চিত্রনাট্য তাঁরই লেখা। ইন্ডাস্ট্রির গুঞ্জন, বক্স অফিসে ‘সুসময়’ ফেরাতে ভাইজান ভরসা রাখছেন ‘বজরঙ্গী ভাইজান ২’-এর উপর।



