নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতবার আইএসএলে সেরা ফুটবলারের সম্মান পেয়েছিলেন মিগুয়েল ফিগুয়েরা। তাই মরশুম শেষ হতেই চিরপ্রতিদ্বন্দ্বীর ডেরা থেকে তাঁকে ছিনিয়ে নেয় মোহন বাগান। তবে সবুজ-মেরুন জার্সিতে এখনও পর্যন্ত নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। চোটের কারণে সিংহভাগ সময় মাঠের বাইরেই কাটাতে হচ্ছে ব্রাজিলিয়ান প্লে-মেকারকে। ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড ও আইএসএল মিলিয়ে মাত্র ৭টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এর মধ্যে প্রথম একাদশে ছিলেন দু’বার। সব মিলিয়ে খেলেছেন মোট ৩২৯ মিনিট। স্বাভাবিকভাবেই মিগুয়েলকে নিয়ে অসন্তোষের কালো মেঘ জমছে সমর্থকদের মনে। অনেকেই তাঁর সঙ্গে মিল পাচ্ছেন স্বদেশীয় নেইমারের। বার্সেলোনা থেকে রেকর্ড অর্থে পিএসজি’তে যোগ দিয়েছিলেন সাম্বা তারকা। তবে তারপরেই চোটের বাহানা তাঁর কেরিয়ার সংক্ষিপ্ত করে দেয়। সময়ের অনেক আগেই ফুরিয়ে যান তিনি। মিগুয়েলের ক্ষেত্রেও তেমনটা হবে না তো? মোহন বাগান টিম সূত্রে খবর, গ্রেড ওয়ান টিয়ার হয়েছে ব্রাজিলিয়ান তারকার। ফলে অন্তত ১০ দিন বিশ্রামে থাকতে হবে। ওড়িশা ম্যাচের পর আপাতত দু’সপ্তাহের বিরতি রয়েছে। এই পর্বে মিগুয়েল পুরো সুস্থ উঠবেন বলেই আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তবে মরশুমের শুরু থেকেই যেভাবে একের পর এক চোটের কবলে পড়ছেন, তাতে আগামী দিনে তিনি কতটা সেরাটা মেলে ধরবেন তা নিয়ে থাকছে একরাশ ধোঁয়াশা।



