Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

খামেনেই-বিরোধী আন্দোলনে উত্তাল ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের

মূল্যবৃদ্ধি নিয়ে চলা আন্দোলনে উত্তাল ইরান। সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন দেশবাসী। বরাবরের মতো এবারও কড়া হাতে বিক্ষোভ দমন শুরু করেছে প্রশাসন।

খামেনেই-বিরোধী আন্দোলনে উত্তাল ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: মূল্যবৃদ্ধি নিয়ে চলা আন্দোলনে উত্তাল ইরান। সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন দেশবাসী। বরাবরের মতো এবারও কড়া হাতে বিক্ষোভ দমন শুরু করেছে প্রশাসন। আন্দোলনকারীদের উপর নির্বিচারে চলেছে গুলি। সরকারি সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে চলা বিক্ষোভে এখনও পর্যন্ত সাত জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। এই আবহে মাঠে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের অরাজক পরিস্থিতি নিয়ে তিনি যে ‘ক্ষুব্ধ’, তাও স্পষ্ট জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’-এ ট্রাম্প লেখেন, ‘ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে আমেরিকা তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে।’ তিনি আরও বলেন, ‘আমেরিকা সম্পূর্ণ প্রস্তুত।’ তবে কোন প্রসঙ্গে প্রস্তুত থাকার কথা ট্রাম্প বলেছেন তা স্পষ্ট নয়। 

Advertisement

অভ্যন্তরীণ বিক্ষোভে উত্তাল ইরান। এর মাঝে মার্কিন প্রেসিডেন্টের হুমকি গোটা বিষয়টাকে আরও জটিল করেছে। ইতিমধ্যেই ট্রাম্পকে পালটা হুমকি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ও প্রাক্তন সংসদ স্পিকার আলি লারিজানি। এক্স হ্যান্ডলে তিনি বলেন, ‘ইরানের অভ্যন্তরীণ এই বিক্ষোভের নেপথ্যে আমেরিকা ও ইজরায়েলের প্ররোচনা রয়েছে।’ যদিও এর পক্ষে কোনও প্রমাণ তিনি দেননি। ট্রাম্পকে সতর্ক করে লারিজানি আরও বলেন, ‘ইরানের ঘরোয়া সমস্যায় মার্কিন হস্তক্ষেপ গোটা আরব দুনিয়ায় অস্থিরতা সৃষ্টি করবে। তাতে আমেরিকার স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে।’ মার্কিন জনগণের উদ্দেশে তাঁর বার্তা, এই বিপজ্জনক পরিস্থিতির সূচনা করেছেন ট্রাম্প নিজেই। এর পরিণতি হতে পারে ভয়ঙ্কর। মার্কিন সেনাদের উপরেও যার প্রভাব পড়তে পারে। 
উল্লেখ্য, গত জুন মাসে ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর থেকেই ওয়াশিংটন-তেহরানের মধ্যে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে। এরপর পশ্চিমি নিষেধাজ্ঞার জেরে ইরানের অর্থনীতি চরম সংকটে পড়েছে।  এই মুহূর্তে এক মার্কিন ডলারের দাম প্রায় ১৪ লক্ষ রিয়াল। দেশজুড়ে চলা বর্তমান আন্দোলনের মূল কারণ এটিই। মূল্যবৃদ্ধির পাশাপাশি ইরানের ধর্মতান্ত্রিক শাসনের বিরুদ্ধেও স্লোগান তুলছেন বিক্ষোভকারীরা। গুলি করে খামেনেই সরকার সেই প্রতিবাদী কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। কিন্তু আমেরিকা যে এই হত্যা মেনে নেবে না, তা স্পষ্ট জানিয়ে দিলেন ট্রাম্প। ছবি: এএফপি

সম্পর্কিত সংবাদ