Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ই-পস মেশিন ছাড়াই সার বিক্রি, দোকান সিল, গরহাজির খাদ্য সুরক্ষা আধিকারিককে শোকজ  

ই-পস মেশিন ছাড়াই সার বিক্রি, দোকান সিল, গরহাজির খাদ্য সুরক্ষা আধিকারিককে শোকজ
 
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: ই-পস মেশিন ছাড়াই রাসায়নিক সারের বিক্রি চলছিল রমরমিয়ে। শুধু তাই নয়, পণ্য বিক্রির নথিভুক্তের জন্য রেজিস্টারও নেই। আর প্রস্তুতকারক সংস্থার শংসাপত্র ছাড়াই কীটনাশক বিক্রি চলছিল চাঁচল সদরের বারোগাছিয়াতে। বৃহস্পতিবার সারপ্রাইজ ভিজিটে গিয়ে ওই সারের দোকানে একাধিক অনিয়মের অভিযোগ প্রত্যক্ষ করলেন স্বয়ং মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। সঙ্গে ছিলেন চাঁচলের মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায় ও চাঁচল ১ ব্লক সহ কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব। ই-পস মেশিন ছাড়া কেন সার বিক্রি করা হচ্ছে এবং শংসাপত্র নেই কেন, এর কোনও জবাব ওই বিক্রেতা দিতে পারেননি। এরপরই সহ কৃষি অধিকর্তাকে দোকান সিল করার নির্দেশ দেন জেলাশাসক। 
Advertisement
চাঁচল-১ ব্লক সহ কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন, আপাতত দোকানটি সিল করা হয়েছে। জেলা প্রশাসনকে রিপোর্ট পাঠানো হয়েছে। নথি ঠিক না হওয়া পর্যন্ত সার বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে। জেলাশাসক বলেন, বিক্রেতার কাছে জবাব চাওয়া হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে উত্তর না মিললে আইনানুগ পদক্ষেপ করা হবে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, চাঁচল-১ ব্লকে ৬০টি লাইসেন্সপ্রাপ্ত রাসায়নিক সারের দোকান রয়েছে। দোকানগুলিতে নিয়মিত অভিযান চলে। এক কৃষক নেজামুদ্দিন আহমেদ বলেন, কয়েক সপ্তাহ পরই আমন ধান চাষ শুরু হবে। এর আগের মরশুমে চাষাবাদ করতে গিয়ে এমআরপি থেকে বেশি টাকা দিয়ে সার কিনতে হয়েছে কৃষকদের। ই-পস মেশিন দিয়ে কেনাকাটা হলে সারের হিসেব ঠিক থাকবে। কিন্তু বহুক্ষেত্রে ই-পস মেশিন ছাড়াই সার বিক্রি হয়। প্রশাসন এনিয়ে লাগাতার অভিযান চালিয়ে পদক্ষেপ করুক। এপ্রসঙ্গে সার বিক্রেতা মহম্মদ মোস্তফাফিজুলকে ফোনে ধরা হলে তিনি কিছুই বলতে চাননি।এদিন সারের দোকান থেকে বেরিয়েই চাঁচল মহকুমা খাদ্য সুরক্ষাদপ্তরে যান জেলাশাসক। কিন্তু দপ্তরে তালা দেখেই মেজাজ হারান তিনি। খাদ্য সুরক্ষাদপ্তরের আধিকারিক কী প্রতিনিয়ত গরহাজির থাকেন? এনিয়ে দপ্তরেই সামনেই মহকুমা শাসকের সঙ্গে তিনি আলোচনা করেন। 
জেলাশাসক গরহাজির ওই আধিকারিককে শোকজ করার নির্দেশ দেন। চাঁচল মহকুমা খাদ্য সুরক্ষাদপ্তরের আধিকারিক রাহুল মণ্ডল বলেন, প্রতিদিনই অফিস করি। শবেবরাত সহ অন্যান্য সরকারি ছুটি থাকায় অফিস যাইনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ