নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাজির বাজারে আইফোন। রয়েছে সেলফি স্টিকও। এছাড়া পদ্ম, ময়ূর ইত্যাদি তো আছেই। আইফোনে আগুন ধরালে তা আলোর রোশনাইয়ে চারদিক ভরিয়ে তুলবে, দাবি বাজি বিক্রেতাদের। অন্যদিকে বাজিপ্রেমীদের জন্য সুখবর শুনিয়েছে রাজ্য সরকার। জানিয়েছে, আদালতের নির্দেশে ৭ ও ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৭টা ও রাত ৮টা থেকে ১০টা পোড়ানো যাবে বাজি। তবে সবুজ বাজি ছাড়া অন্য বাজি পোড়ানো নিষিদ্ধ।
পশ্চিমবঙ্গ সরকার তরফে প্রথমে জানানো হয়েছিল, শুধুমাত্র ৮ তারিখ রাত ৮টা থেকে ১০টা বাজি পোড়ানোর সময়সীমা ধার্য করা হয়েছে। তবে সে নির্দেশিকা পাল্টানো হল। বাজি পোড়ানোর সময়সীমা বাড়ায় পরিবেশকর্মীরা ব্যাপক বায়ুদূষণের আশঙ্কা করছেন। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আগে জানিয়েছিল, ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত কন্ট্রোল রুম খোলা থাকবে। পরবর্তীকালে তারা জানায়, শুক্রবার বিকালেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। আর রাত পর্যন্ত বেশ কিছু অভিযোগও এসেছে।
এ সবের মাঝে জমে উঠছে বাজি বাজার। কালিকাপুর বাজি বাজারে বিক্রি হচ্ছে আইফোন, সেলফি স্টিক। সে বাজি কেমন? অবিকল আইফোনের বাক্সের ভিতরে রাখা রয়েছে সে বাজি। বিক্রেতারা বলছেন, আইফোন বাজির দাম ৫০০ টাকা। বাক্স খুলে আগুন দিলেই আইফোন আকাশে উড়ে যাবে। আওয়াজ হবে। তবে সামান্য। আলোর রোশনাই দেখা যাবে বেশি। এর সঙ্গে রয়েছে সেলফি স্টিক। ফোনের দোকানে ঠিক যেমন সেলফি স্টিক বিক্রি হয়, অবিকল তেমনই বিক্রি হচ্ছে বাজি বাজারে। সেটির দাম ২০০ টাকা। বিক্রেতারা বললেন, সেলফি স্টিকে আগুন দিলেই তা আকাশে উড়বে। আওয়াজের প্রসঙ্গে সকলের একটাই উত্তর, শব্দ খুবই সামান্য। এগুলি কি সব সবুজ বাজি? বিক্রেতারা বললেন, অবশ্যই সবুজ বাজি।
এছাড়া প্রদীপের ডিজাইনে যেমন লাড্ডু, গুলাবজামুন এসেছে তেমনই কুলফিও এসেছে বাজারে। দাম ৬০০ টাকা। আবার বাজির বাজারে এসেছে লোটাস, পিকক। এই সব বাজির দামও মধ্যবিত্তের নাগালের মধ্যে নয়। বিক্রেতারা বলেন, লোটাসে আগুন দিলে গোটা আকাশে তা পদ্মফুলের মতো ছড়িয়ে পড়বে। দুর্দান্ত আলো ছড়াবে। তার জন্য কত টাকা গুনতে হবে? কোনওটিরই দাম এক হাজার টাকার কম নয়। আইফোন কিংবা সেলফি স্টিকের জন্ম এই বাংলার মাটিতে হলেও পদ্ম-ময়ূর বাইরের রাজ্য থেকেই এসেছে বলে জানালেন বিক্রেতারা।



