নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের উত্তর প্রান্তে চা বাগান কেন্দ্রিক আন্দোলন আরও জোরদার করছে তৃণমূল কংগ্রেস। দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি লাগাতার কর্মসূচি নিতে চলেছে। তার প্রথম পর্যায়ের আন্দোলন শুরু হচ্ছে ৮ এপ্রিল। ওইদিন দুই প্রান্ত থেকে পদযাত্রা শুরু করবেন সংগঠনের নেতা-কর্মীরা। সেটি গিয়ে মিলবে ১১ এপ্রিল। জলপাইগুড়ি প্রভিডেন্ট ফান্ড আঞ্চলিক দপ্তর ঘেরাও করবেন তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা। চা বাগান শ্রমিকদের স্বার্থে পিএফ অফিসের কাছে একাধিক তথ্য চাইবে আইএনটিটিইউসি।
চা বাগান শ্রমিকদের ব্যাপারে কেন্দ্র যে উদাসীন, তা একাধিক ঘটনায় প্রমাণিত। ভোট এলেই বিজেপির তাবড় নেতারা বাংলায় ছুটে আসেন আর কিছু গালভরা প্রতিশ্রুতি দেন। কিন্তু সেসবের বাস্তবায়ন যে হয় না, তা পরবর্তী ঘটনাপ্রবাহেই পরিষ্কার হয়। সম্প্রতি তেমন কিছু উদাহারণ সামনে এসেছে। সংসদের চলতি অধিবেশনে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে মোদি সরকার স্বীকার করে নিয়েছে, কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইয়ুলের অর্থাভাবের কারণে দুর্ভোগে পড়েছেন চা শ্রমিকরা। বানারহাট, কারবালা, নিউ ডুয়ার্স এবং চুনাভাটি চা বাগানে ছ’সপ্তাহ যাবৎ শ্রমিকদের মজুরি হয়নি। এছাড়া কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চা বাগান শ্রমিকের ছেলেমেয়েদের যাতায়াত করতে হচ্ছে লরি বা ট্রাকে করে! সেখানে স্কুলবাস নেই। অন্যদিকে, এর আগে শ্রম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ঋতব্রত এই বলে সরব হন যে, শ্রমিকদের মজুরি থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে অথচ তা পিএফে জমা পড়ছে না।
এসব ইস্যুকেই হাতিয়ার করে লাগাতার আন্দোলন কর্মসূচি নিয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন। ৮ এপ্রিল ডুয়ার্সের এলএল বাড়ি থেকে পদযাত্রা শুরু করবে আইএনটিটিইউসি। একই সময়ে আরও একটি পদযাত্রা শুরু হবে কুমারগ্রাম সঙ্কোশ থেকে। দুটি পদযাত্রা তিনদিন ধরে চলবে। সেটি শেষ হবে ১১ এপ্রিল জলপাইগুড়ি পিএফ অফিসের সামনে পৌঁছে। অভিযোগ, পিএফ নিয়ে চা শ্রমিকদের সঙ্গে বঞ্চনা চলছে। বাগান মালিকরা কত টাকা পিএফ বাকি রেখেছেন, তা জানানো হচ্ছে না। সব তথ্য দেওয়ার দাবি পিএফ অফিসের কাছেই রাখবে আইএনটিটিইউসি। তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, চা বাগান শ্রমিকদের উন্নয়নে কেন্দ্রের কোনও পদক্ষেপ নেই। তাঁদের শুধুমাত্র ভোট ব্যাঙ্ক হিসেবেই দেখেন বিজেপি নেতারা। কিন্তু আমরা বছরভর শ্রমিকদের পাশে আছি এবং আগামী দিনেও থাকব বলে লাগাতার কর্মসূচি নিয়েছি।