বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: সরকারি গোপন তথ্য ফাঁস হওয়া রুখতে কঠোর অবস্থান নিল জম্মু ও কাশ্মীর সরকার। সরকারের কোনও গোপন তথ্য কোনওভাবেই ইন্টারনেটে শেয়ার করা যাবে না। শুধু তাই নয়, সরকারের গুরুত্বপূর্ণ বৈঠকেও অফিসারদের মোবাইল, ল্যাপটপ নিয়ে ঢোকা যাবে না। সরকারের বিভিন্ন গোপন নথি ইমেল, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, নথি আদান-প্রদান নিয়ে সোশ্যাল মিডিয়ার মতো মাধ্যম ব্যবহার করায় সেগুলি ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে। তাই গোপন ও অতি গোপনীয় নথি কোনওভাবেই ইন্টারনেটে শেয়ার করা যাবে না। ওয়ার্ক ফ্রম হোমেও এক নিয়ম প্রযোজ্য।



