Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল, পাত্রসায়রে আত্মঘাতী যুবতী

সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতেছিল এক যুবক। সেই ফাঁদে পা দেয় এক তরুণী। কিন্তু তার পরিণাম যে এতটা ভয়াবহ হবে, তা কে জানত। বিয়ে করার জন্য তরুণীর বাড়ির লোক চাপ দিতেই ওই যুবক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও।

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল, পাত্রসায়রে আত্মঘাতী যুবতী
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতেছিল এক যুবক। সেই ফাঁদে পা দেয় এক তরুণী। কিন্তু তার পরিণাম যে এতটা ভয়াবহ হবে, তা কে জানত। বিয়ে করার জন্য তরুণীর বাড়ির লোক চাপ দিতেই ওই যুবক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও। পাড়া প্রতিবেশী, বাড়ির লোকের কাছে মুখ দেখাবে কেমন করে! লজ্জায় আত্মঘাতী হন ওই তরুণী। পুলিশ অভিযুক্ত যুবকের খোঁজ চালাচ্ছে। মৃতার পরিবার দোষীর চরমতম শাস্তি দাবি করেছে।  

Advertisement

ওই তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনমাস আগে সোশ্যাল মিডিয়ায় এক সেনা জওয়ানের সঙ্গে তাঁর পরিচয় হয়। ক্রমে সেই পরিচয় গড়ায় প্রেমে। দুজনের মধ্যে দেখা সাক্ষাৎও হয় একাধিকবার। তরুণী তাঁর অভিভাবকদের বিয়ের সম্বন্ধ দেখতে বারণ করে দেন। নিজেকে সেনাকর্মী হিসেবে পরিচয় দেওয়া ঋজু ঘোষ নামের ওই যুবককেই বিয়ে করবে বলে জানিয়ে দেন। তরুণীর অভিভাবকরা ওই যুবকের সঙ্গে ফোনে কথা বলেন। আগামী কয়েকদিনের মধ্যেই বিয়ের পাকা কথা বলার জন্য তরুণীর বাড়িতে যাওয়ার কথাও ছিল ওই যুবকের। মেয়েটির পরিবারের লোকেরা স্বস্তিতে ছিলেন। শুক্রবার সকালে ওই তরুণী বর্ধমানে বিউটি পার্লারের কাজ শিখতে যাবেন বলে বাড়ি থেকে বের হন। ফেরেন সন্ধ্যার সময়। শনিবার সারাদিন হাসিখুশিই ছিলেন। বিকেলে মাকে পিঠে বানাতে বলেন। নিজেই গুড় কিনে আনেন। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তাঁর মা পিঠে খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখেন দরজায় ভেতর থেকে খিল দেওয়া। সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন, মেয়ের ঝুলন্ত দেহ। ইতিমধ্যে ওই তরুণীর সঙ্গে এক যুবকের আপত্তিকর ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেদের মাধ্যমে তা পরিবারের লোকেদের কাছেও পৌঁছয়। এরপরেই তাঁরা বুঝতে পারেন যে, তাঁদের মেয়ে ওই অশালীন ভিডিও এবং ছবির কারণে লজ্জায় ও অপমানে আত্মঘাতী হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। রবিবার ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। তরুণীর পরিবারের লোকেদের দাবি, ভুয়ো পরিচয় দিয়ে ওই যুবক ফেসবুকে অ্যাকাউন্ট খুলে তাঁদের মেয়েকে ফাঁসিয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে এবং শেষে বিয়ের কথা উঠতেই শারীরিক ঘনিষ্ঠতার সমস্ত ছবি ও ভিডিও ভাইরাল করে দিয়েছে। 
মৃতার এক মামা বলেন, আমার ভাগনি খুবই শান্তশিষ্ট। কলেজ পাশ করার পর ওর বিভিন্ন জায়গায় বিয়ের জন্য সম্বন্ধ চলছিল। কয়েকদিন আগে সে এক সেনা জওয়ানকে বিয়ে করবে বলে জানায়। আমরা তাতে বাধা দিইনি। বরং ওই ছেলেকে বাড়িতে আসার জন্য বলা হয়। আগামী ১৮ ফাল্গুন দোলের দিন আসার কথা ছিল। শুক্রবার ভাগনি বর্ধমানে বিউটি পার্লারের কাজ শেখার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় ফেরে। শনিবার সন্ধ্যাতেই ওর সঙ্গে এক যুবকের আপত্তিকর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। সেই লজ্জাতেই আত্মঘাতী হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমরা অভিযুক্তের কঠিন শাস্তি চাই। সে পরিকল্পনা করেই ভুয়ো পরিচয় দিয়ে আমার ভাগনিকে প্রেমের জালে ফাঁসিয়েছে।
মৃতের এক দাদু বলেন, ভাগনি সেনা জওয়ানকে বিয়ে করবে বলায় আমরা বাধা দিইনি। তা সত্ত্বেও কেন এমন হল, বুঝতে পারছি না। এখন মনে হচ্ছে ভাগনিকে ব্ল্যাকমেল করা হয়েছে। তার কাছে টাকা পয়সা হাতানোরও পরিকল্পনা ছিল বলে আমাদের মনে হয়েছে। তা না পাওয়াতেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে।     

Advertisement
সম্পর্কিত সংবাদ