নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মেডিক্যাল ইনস্যুরেন্স পলিসি রিনিউয়ের পাশাপাশি বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন স্কিমের সুবিধা পাওয়ার টোপে পা দিয়ে সব মিলিয়ে ৩৩ লক্ষ টাকা খুইয়েছেন হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার বাসিন্দা মানসকুমার দাস। সব লেনদেনই হয়েছিল অনলাইনে। এমনকী, প্রতারক দলের সঙ্গে তাঁর যাবতীয় কথাবার্তাও হয়েছিল মোবাইল ফোনে। শেষমেশ প্রতারিত হয়েছেন বুঝতে পেরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে হাওড়া সাইবার ক্রাইম থানার গোয়েন্দারা ইতিপূর্বেই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছিল। এবার অসমে হানা দিয়ে অন্যতম চক্রীকে পাকড়াও করল পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা, একাধিক ডিভাইস ও অসংখ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি। মঙ্গলবার ধৃতকে হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ক্রিটিক্যাল কেয়ার মেডিক্যাল পলিসি করিয়ে দেওয়ার নাম করে একটি চক্রের লোকজন দীর্ঘদিন ধরেই বহু মানুষের সঙ্গে প্রতারণা করছিল। পলিসির পাশাপাশি বিভিন্ন স্কিমের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করত তারা। সেই টাকা চলে যেতে অসমে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে। এই চক্রের ফাঁদে পা দেন চ্যাটার্জিহাট থানা এলাকার বাসিন্দা মানসবাবু।



