মুম্বই: একরত্তি রাহার ছবিতে এতদিন ভরে ছিল আলিয়া ভাটের ইনস্টাগ্রাম। মেয়ের নানা মুহূর্তের ছবি শেয়ার করতে কোনও আপত্তি ছিল না নায়িকার। হঠাৎই মত বদল। শনিবার আচমকাই সেই ছবিগুলি সমাজমাধ্যম থেকে সরিয়ে নিলেন আলিয়া। এর কারণ অবশ্য আলাদা করে খোলসা করেননি তিনি। যদিও মনে করা হচ্ছে, সইফ আলি খানের উপর হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়েই নিরাপত্তার খাতিরে এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। ২০২৩ সালের বড়দিনের মরশুমে মেয়ে রাহা কাপুরকে প্রকাশ্যে এনেছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সেটাই ছিল দম্পতির বড়দিনের উপহার। তারপর থেকে মেয়েকে নিয়ে প্রায়ই পাপারাৎজিদের সামনে পোজ দিতেন আলিয়া-রণবীর। মেয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করতেন অভিনেত্রী। রাহাকে সমাজমাধ্যম থেকে লুকিয়ে রাখতে চাননি তাঁরা। তবে সম্প্রতি সইফ আলি খানের উপর হামলার ঘটনা যেন ‘চোখ’ খুলে দিয়েছে তাঁদের। বলি পাড়ার সকলেই উপলব্ধি করেছেন, সর্বদা ক্যামেরার সামনে থাকার বিপত্তি। সইফের উপর হামলার ঘটনার পরই করিনা কাপুর খান পাপারাৎজিদের কাছে তাঁর দুই সন্তানের ছবি না তোলার অনুরোধ জানিয়েছিলেন। সমাজমাধ্যমেও দুই খুদের ছবি শেয়ার করাতে আপত্তি করেছিলেন করিনা। এবার সেই পথেই হাঁটলেন আলিয়াও। মেয়ের সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করেছেন তিনি। মনে করা হচ্ছে, খুদের নিরাপত্তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন রণবীর ও আলিয়া।



