নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হারের ধাক্কা কাটিয়ে দিল্লির বিরুদ্ধে জয়ের মুখ দেখেছে মোহন বাগান। এরপর ঘরের মাঠে টানা তিনটি ম্যাচ খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। প্রতিপক্ষ যথাক্রমে চেন্নাইয়ান এফসি, পাঞ্জাব এফসি ও ওড়িশা এফসি। হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে ৯ পয়েন্ট পেতে চান কোচ পানোস। তবে গ্রিক কোচের ফোকাসে এখন শুধুই চেন্নাইয়ান। সোমবার যুবভারতীতে দক্ষিণী দলটির বিরুদ্ধে নামছে পালতোলা নৌকা ব্রিগেড। তার আগে প্রথম একাদশ বেছে নিতে চিন্তার ভাঁজ পড়েছে গ্রিক কোচের কপালে।
জ্বরের কারণে শনিবারও অনুশীলনে অনুপস্থিত আপুইয়া। তাঁকে ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। তাছাড়া ম্যাকলারেন এদিনও ফিজিওর তত্ত্বাবধানে রিহ্যাব সারলেন। তাঁর প্রথম একাদশে থাকার সম্ভাবনা নেই। চোটের তালিকায় যুক্ত হয়েছেন আলবার্তো রডরিগেজ ও মিগুয়েল। শুক্রবার অনুশীলনে চোট পেয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। এদিন তাঁকে বিশ্রাম দেন কোচ পানোস। মিগুয়েলের পুরোনো চোট। অনুশীলনে এলেও মাঠে নামেননি ব্রাজিলিয়ান ফুটবলার।
এদিকে, আইএসএলে পয়েন্ট খোয়াল নর্থ ইস্ট ইউনাইটেড। শনিবার অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করল পেড্রো বেনালির ছেলেরা। ম্যাচের শেষলগ্নে পেনাল্টি পেলেও লক্ষ্যভেদে ব্যর্থ আলেদাইন আজারে। তবে এই ড্রয়ের পরও টেবিলে শীর্ষস্থানে উঠে এল নর্থ ইস্ট। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে ইস্ট বেঙ্গল (২ ম্যাচে ৬ পয়েন্ট)।



