নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডবল ইঞ্জিন রাজ্যে অত্যাচার-সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেছে নবান্ন। পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসতে এর মাধ্যমে এককালীন পাঁচ হাজার টাকা দিচ্ছে রাজ্য। তাঁদের পুনর্বাসনের জন্য একবছর ধরে মাসে পাঁচ হাজার টাকা করেও দেবে নবান্ন। সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় আট হাজার পরিযায়ী শ্রমিককে এই এককালীন সহায়তা দেওয়া হয়েছে। গৃহীত আবেদনগুলিও যাচাই করা হচ্ছে বিশেষভাবে। পাশাপাশি, বাংলাতেই তাঁদের কাজের সুযোগ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ করল রাজ্য। বিভিন্ন কল-কারখানায় থাকা শূন্যপদ জেনে নিয়ে সেখানেই তাঁদের কাজ দেওয়া হবে। নতুন জায়গায় কাজে যোগ দেওয়ার শংসাপত্র তাঁদের হাতে তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট ‘জব ফেয়ার’ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের নির্দেশে জেলায় জেলায় এর আয়োজন করা হবে। প্রশাসনিক মহলের খবর, যাঁরা ফিরে আসছেন তাঁদের তথ্য ‘শ্রমশ্রী’ পোর্টালের মাধ্যমে রাজ্যের হাতে থাকছে। তবে দেখে নিতে হচ্ছে তাঁদের মধ্যে কে কোন ক্ষেত্রে কাজ করতেন। স্বাভাবিকভাবেই শ্রমিকরা ফিরে এসে নিজ নিজ ক্ষেত্রেই কাজ করতে চাইবেন। এই বিষয়টি মাথায় রেখেই এগোচ্ছে সরকার। জেনে নেওয়া হচ্ছে, কোন জেলায় কোন কোন কল-কারখানায় তাঁদের কাজের সুযোগ হতে পারে। তাঁরা কাজ করতে চাইলে পর্যায়ক্রমে জেলায় জব ফেযারের আয়োজন করে বিভিন্ন কল-কারখানার প্রতিনিধিদের উপস্থিতিতেই তাঁদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য। শীঘ্রই এই সংক্রান্ত ফাইল মুখ্যমন্ত্রীর দপ্তরে যাবে।



