শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: কোলাঘাট থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোনা এক্সপ্রেসওয়ের দিকে আসার পথে যানজট নিত্যদিনের সমস্যা। বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কান পর্যন্ত পৌঁছেছে। একদিকে গাড়ির বাড়তি চাপ, অন্যদিকে অবৈধ দখলদারদের কারণে যানজটের সমস্যা বাড়ছে। এই সমস্যার সমাধানে আজ মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের কমিশনারের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বৈঠকে বসতে চলেছেন বলে সূত্রের খবর। পুলিশের তরফে একগুচ্ছ প্রস্তাব দেওয়া হচ্ছে।
কলকাতা থেকে দুই মেদিনীপুর কিংবা ওড়িশা বা ঝাড়খণ্ডে যেতে হলে ১৬ নম্বর জাতীয় সড়কই অন্যতম ভরসা। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে আপ-ডাউনে ধূলাগড় টোল পার করা গাড়ির সংখ্যা ছিল দৈনিক ১.৫ লক্ষ। ২০২৪ সালে এই সংখ্যার সঙ্গে যুক্ত হয় আরও ৯.৫ লক্ষ গাড়ি। সব মিলিয়ে দিনে ১১ লক্ষ গাড়ি যাতায়াত করত। ২০২৫ সালে একলাফে তা বেড়ে হয় প্রায় ২২ লক্ষ। এর মধ্যে বাইক, তিনচাকার গাড়ি, ভিভিআইপি গাড়ি ও অ্যাম্বুলেন্স বাদ রয়েছে। কারণ তাদের টোল ট্যাক্স দিতে হয় না।
প্রতিদিনই বিকাল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রানিহাটি থেকে শলপ পর্যন্ত কলকাতাগামী লেনে বীভৎস যানজট হচ্ছে। সকালে একই অবস্থা থাকে উলটোদিকের লেনে। যে কারণে ভিভিআইপি’রা পর্যন্ত আটকে থাকছেন দীর্ঘক্ষণ। যানজটের এই খবর নবান্ন পর্যন্ত পৌঁছেছে। তৃণমূল সরকারের আমলে এই সমস্যার কথা বলা হলেও কাজ হয়নি।
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, রানিহাটি মোড় থেকে এই যানজট তৈরি হচ্ছে। সমস্যা তীব্র হচ্ছে অঙ্কুরহাটি এলাকায়। এর মূল কারণ জাতীয় সড়কের ধারে থাকা সার্ভিস রোড দখল করে বেআইনি নির্মাণ, অবৈধ দোকানপাট, রাস্তার দু’পাশে অটো বা অন্য গাড়ির স্ট্যান্ড। এর সঙ্গে যুক্ত হয়েছে নিয়ম ভেঙে রাস্তা পারাপার, অবৈধ কাট আউট। এরমধ্যে গোদের উপর বিষফোঁড়া হল সার্ভিস রোডের বেহাল দশা। ইতিমধ্যে অঙ্কুরহাটির কাছে জাতীয় সড়কের উপর একটি অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে পুলিশ। বন্ধ করা হচ্ছে কাট আউট। রানিহাটি মোড় থেকে গাড়ির স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ কর্তারা চাইছেন, রানিহাটি ও অঙ্কুরহাটিতে জাতীয় সড়কের উপর দু’টি ব্রিজ তৈরি হোক। একাধিক ফুট ব্রিজ করারও প্রস্তাব দিয়েছে পুলিশ। একইসঙ্গে বাইক, তিনচাকার গাড়িগুলিকে জাতীয় সড়কে উঠতে না দিয়ে তাদের সার্ভিস রোডের মধ্যেই সীমাবদ্ধ রাখতে। সেকারণে সার্ভিস রোড সংস্কার এবং নিকাশি ব্যবস্থাকে উন্নত করার প্রস্তাব দিয়েছে পুলিশ। এইসব কাজ হলে আগামী দিনে ১৬ নম্বর জাতীয় সড়ক যানজট মুক্ত হবে বলে আশা করেন কর্তারা।