জুরিখ: বিশ্বকাপ বিক্রির প্রস্তাবে ঘরে বাইরে সমালোচিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। উয়েফার ৫৫টি দেশ বিশ্বকাপে না খেলার হুমকি দিয়েছে। অসন্তোষ প্রকাশ করেছে এএফসি এবং কনকাকাফও। এবার ইনফানতিনোর এই প্রস্তাবের প্রতিবাদে পদত্যাগ করলেন ফিফা প্রেসিডেন্টেরই সিনিয়র উপদেষ্টা কার্লোস ক্যালডেরা। তাঁর মতে এমন প্রস্তাব পাস হলে, ফুটবলের ক্ষতি হয়ে যাবে। ক্যালডেরা বলেন, ‘সবকিছু ঠিকঠাক যাচাই ছাড়া ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখা হচ্ছে। ফিফার সদস্যগুলির জন্য এটা খুবই খারাপ চুক্তি।’ উল্লেখ্য, চারিদিক থেকে এমন সমালোচনার পর বিপাকে ফিফার প্রেসিডেন্ট। প্রবল চাপের মুখে সাফাই দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। । এক বিবৃতিতে তারা জানায়, ‘কেউ ফুটবল বিক্রি করছে না। এমন কিছু বিবেচনাতেই আনবে না ফিফা। আমরা আলোচনা চালিয়ে যাব। যাতে প্রতিটি সদস্য দেশ সঠিক তথ্যের ভিত্তিতে ভোট দিতে পারে।’



