Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইন্দাসে আবাস উপভোক্তার টাকা চুরিতে ধৃত দুষ্কৃতী

ইন্দাসে আবাস উপভোক্তার টাকা চুরিতে ধৃত দুষ্কৃতী
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: দিনমজুরির কাজ করেন। বাংলার আবাস প্রকল্পে ঢুকেছিল ৬০ টাকা। সেই টাকা তুলে বাড়িতে রেখেছিলেন উপভোক্তা। কাজ করতে যাওয়ার সুযোগে তালা ভেঙে সেই টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। ঘটনায় ইন্দাসের পরীক্ষাপাড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। থানায় অভিযোগ দায়ের হলে পুলিস তদন্তে নামে। ওই ঘটনায় পুলিস গ্রামেরই এক যুবককে শনিবার গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সঞ্জয় কিস্কু। চোর ধরা পড়ায় উপভোক্তা স্বস্তি পেয়েছেন। তবে তিনি চাইছেন উদ্ধার হওয়া টাকা তাঁকে দ্রুত ফেরত দেওয়া হোক। তাহলে তিনি বাড়ি নির্মাণ করতে পারবেন। 
Advertisement
বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, ইন্দাসের পরীক্ষাপাড়া গ্রামে এক প্রৌঢ়া বাংলার বাড়ি প্রকল্পে পাওয়া ৬০হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলে বাড়িতে এনে রেখেছিলেন। তা চুরির অভিযোগ পাওয়ার পরেই পুলিস দ্রুততার সঙ্গে তদন্তে নামে। ঘটনায় গ্রামেরই এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে তিনদিন পুলিস হেফাজতে নেওয়া হয়েছে। চুরি যাওয়া টাকা উদ্ধার হয়েছে। তা আইনি পদ্ধতি মেনে উপভোক্তাকে ফেরত দেওয়া হবে। ইন্দাসের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাপাড়া গ্রামের বিধবা ময়না হেমব্রম দিনমজুর। তাঁর একমাত্র ছেলে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। ময়নাদেবী বাড়িতে একাই থাকেন। তাঁর পাকা বাড়ি নেই। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে তিনি ৬০হাজার টাকা পান। বাড়ি তৈরির জন্য পাঁচদিন আগে ব্যাঙ্ক থেকে টাকা তুলে আনেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার তিনি ঘরে চাবি দিয়ে মাঠে কাজ করতে চলে যান। বিকেলে ফিরে এসে দেখেন ঘরের দরজার তালা ভাঙা। বাক্সে রাখা ৬০ হাজার টাকাও নেই। তিনি কান্নাকাটি শুরু করেন। প্রতিবেশীদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে পুলিসের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন। সেই মতো তিনি ইন্দাস থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস ঘটনার তদন্তে নেমে ওই গ্রামেরই সঞ্জয়কে গ্রেপ্তার করেছে।  ময়নাদেবী বলেন, আমি গরিব মানুষ। বাড়িতে একাই থাকি। বাংলার বাড়ি প্রকল্পে পাওয়া প্রথম কিস্তির ৬০হাজার টাকা পেয়েছিলাম। বাড়ি তৈরি করব বলে পাঁচদিন আগে ব্যাঙ্ক থেকে পুরো টাকাটা তুলে এনে ঘরে বাক্সে রেখেছিলাম। কিন্তু, ওই টাকাতেও চোরের নজর পড়বে তা ভাবতে পারিনি। দিনের বেলাতেই চুরি হয়ে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ