নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতিতে ইরান, ইরাক, ইজরায়েল, জর্ডন, সৌদি আরবের মতো ১৯টি দেশে ভারতীয়রা কি আদৌ নিরাপদে আছে? ভবিষ্যতও কি সুরক্ষিত? কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার? সংসদীয় কমিটির বৈঠকে তৃণমূলের এই প্রশ্নের মুখে পড়ে মোদি সরকার জানাল, পশ্চিম এশিয়ার দেশগুলিতে থাকা প্রবাসী ভারতীয়রা নিরাপদেই আছে। ভবিষ্যতেও যাতে কেউ কোনো সমস্যায় না পড়ে, তার জন্য সরকার সর্বদা সচেষ্ট। বলেই আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠকে এবারের বিষয় ছিল পশ্চিম এশিয়ার পরিস্থিতি। এই পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান খোদ মন্ত্রী। সদস্য বিভিন্ন দলের সাংসদ। বৈঠকে উপস্থিত তৃণমূল সাংসদ সাজদা আহমেদ মন্ত্রীর কাছে জানতে চান, ইরাক, ইরান, ইজরায়েল, আর্মেনিয়া, বাহরিন, জর্জিয়ার মতো দেশে বহু ভারতীয় থাকেন। কাজের সন্ধানে পশ্চিমবঙ্গের অনেকেও সেসব দেশে থাকে। ফলে পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতিতে আদৌ কি তারা সুরক্ষিত? বৈঠকে উপস্থিত কমিটির অন্য সদস্য কংগ্রেসের মণীশ তিওয়ারি সাজদা আহমেদকে সমর্থন করেন। তখনই জয়শংকর জানান, ভারতীয়রা সুরক্ষিতই। এমন টালমাটাল পরিস্থিতিতে অন্যান্য দেশের নাগরিকরা পশ্চিম এশিয়ার অধিকাংশ দেশ ছেড়ে চলে গিয়েছে। কিন্তু ভারতীয়রা পালায়নি। তাই ইরান হোক বা ইরাক, ইজরায়েল—ভারতীয়দের সাহস এবং পরিস্থিতি বিচার বিবেচনা করা ক্ষমতা প্রশংসার যোগ্য। একইসঙ্গে বিদেশমন্ত্রী জানান, ভারতীয়দের নিরাপত্তা এবং সুরক্ষার লক্ষ্যে রয়েছে বিশেষ টাস্ক ফোর্স। কোথাও কখনো কোনো সমস্যার কথা কানে এলেই সঙ্গে সঙ্গে সেই টাস্ক ফোর্স সক্রিয় ভূমিকা নেয়। ফলে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতেও ভারতীয়রা ভালো আছেন।