নিউ ইয়র্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অগ্নিগর্ভ পরিস্থিতি দিল্লিতে। বিক্ষোভকারীদের হঠাতে দমনপীড়নের অভিযোগ উঠেছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের অন্যতম মুখপাত্র থামিন আল-খিতান। শনিবার তিনি শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে যাতে সম্মান করা হয়, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়, ‘দিল্লিতে বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারী, প্রতিবাদী নেতা, নাগরিক সমাজের সদস্য, আইনজীবী এবং সাংবাদিকদের গণহারে আটক করার খবরে আমরা উদ্বিগ্ন।’ আটকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেছেন তিনি। তবে তাঁর এই দাবি উড়িয়ে ভারত এই মন্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্খিত হস্তক্ষেপ বলে জানিয়েছে।



