Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬

বিধ্বস্ত নেপালকে ওষুধ-খাদ্য-বস্ত্র দিচ্ছে ভারত, নগদে সাহায্য চীনের

ভূমিকম্প থেকে বন্যা নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে সর্বাগ্রে সর্বদাই ঝাঁপিয়ে পড়েছে ভারত। হড়পা বানের কালান্তক আক্রমণে উত্তর নেপালে যে চরম বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, সেই সংকটেও নয়াদিল্লি বুধবার থেকে সর্বশক্তি দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় পাশে দাঁড়িয়েছে।

বিধ্বস্ত নেপালকে ওষুধ-খাদ্য-বস্ত্র দিচ্ছে ভারত, নগদে সাহায্য চীনের
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভূমিকম্প থেকে বন্যা—নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে সর্বাগ্রে সর্বদাই ঝাঁপিয়ে পড়েছে ভারত। হড়পা বানের কালান্তক আক্রমণে উত্তর নেপালে যে চরম বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, সেই সংকটেও নয়াদিল্লি বুধবার থেকে সর্বশক্তি দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় পাশে দাঁড়িয়েছে। প্রত্যাশিতভাবে ঝাঁপিয়েছে চীনও। সেটা অবশ্য তারা আগেও করেছেষ। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা। বিপর্যয়ের সময় ভারত যাতে নেপালের মন জয় করে না ফেলে, সেটা নিশ্চিত করতে বেজিং যথারীতি অতি আগ্রাসী হয়ে প্রবলভাবে উপস্থিত হওয়ার চেষ্টা করছে পড়শি দেশে। তবে ভারতের সঙ্গে চীনের সহায়তা ও ত্রাণের একটা প্রধান পার্থক্য রয়েছে। এয়ারফোর্সের একের পর এক বিমানে ওষুধ, খাদ্য, বস্ত্র ইত্যাদি পাঠাচ্ছে নয়াদিল্লি। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ত্রাণসামগ্রী নিয়ে একটি দল নেপালে রওনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। সেখানে বেজিং কৌশলগত সহায়তা হিসাবে চীনা দূতাবাসের মাধ্যমে নগদ অর্থ পৌঁছে দিয়েছে সরাসরি নেপাল সরকারের কাছে। 

Advertisement

ভারতের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম শয়ে শয়ে নিখোঁজ নাগরিক, পর্যটক এবং পুণ্যার্থীদের উদ্ধারের জন্য ঝাঁপিয়েছে। চীনও হাত লাগিয়েছে তিব্বতের লাগোয়া গিরং এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজে। নেপাল সরকার প্রথম থেকেই জানিয়েছে, যে-কোনো সাহায্যের জন্য আগাম সবরকম অনুমতি দেওয়া রয়েছে নয়াদিল্লিকে। অর্থাৎ ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং নিখোঁজদের সন্ধানে ভারত নিজেদের পরিকল্পনা অনুযায়ী বিপর্যয় মোকাবিলা টিমকে কাজে লাগাবে। এমনকি কাঠমাণ্ডুকে এও জানিয়ে দেওয়া হয়েছে, নেপাল সরকার যদি ভারতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নিজেদের মতো করে কোথাও কাজে লাগায় সেক্ষেত্রেও নয়াদিল্লির আপত্তি নেই। সুতরাং চীনের তরফে একচ্ছত্র ত্রাণকার্য শুরু করে বিশেষ বন্ধুত্বের বার্তা দেওয়ার আগে ভারত কূটনৈতিকভাবে অনেকটাই সফল হয়েছে। এদিন এক্স হ্যান্ডলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল জানান, ‘৩৭.৫ টন ত্রাণসামগ্রী, ওষুধ, খাবারের প্যাকেট নেপালের বিজ্ঞান এবং প্রযুক্তিমন্ত্রী মহাবীর পুনের হাতে তুলে দেওয়া হয়েছে।’ তিব্বতে আটকে পড়া ২০০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 
নেপাল বিপর্যয়ে এখনও পর্যন্ত নিখোঁজ ২৮৮ জন ভারতীয়। নিখোঁজ ও আটকদের সাহায্যের জন্য দিল্লিতে কন্ট্রোলরুম খোলা হয়েছে। রণধীর জানিয়েছেন, কাঠমাণ্ডু ও বেজিং—উভয় জায়গাতেই ভারতীয় দূতাবাসগুলিও হেল্পলাইন ২৪ ঘণ্টা চালু রয়েছে। দিল্লিতে কন্ট্রোলরুমের নাম্বার হল : +৯১১১২৩০৮৮৭১৮, +৯১১১২৩০৮৮৭১৯। হোয়াটসঅ্যাপ কল এবং মেসেজিং নাম্বার হল : +৯১৯৯৬৮২৯১৯৮৮। ইমেল আইডি: [email protected]। কাঠমাণ্ডুতে ভারতীয় দূতাবাসের যোগাযোগ নাম্বার: +৯৭৭৯৮৫১৩১৬৮০৭, +৯৭৭০৭০৯১০৭৫০০ এবং +৯৭৭৯৮১০৩২৬১১৭। 

Advertisement
সম্পর্কিত সংবাদ