Bartaman Logo
৯ জুন, ২০২৬

এবার ‘জোড়া আর্থিক হামলা’ পাকিস্তানে, পরিকল্পনা দিল্লির

এবার ‘জোড়া আর্থিক হামলা’ পাকিস্তানে, পরিকল্পনা দিল্লির
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিতে এবার ‘জোড়া আর্থিক হামলা’র পরিকল্পনা ভারতের। সূত্রের খবর, পহেলগাঁও হামলার প্রেক্ষিতে পাকিস্তানকে ফের ‘ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে’র (এফএটিএফ) ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টায় ঝাঁপাচ্ছে নয়াদিল্লি। সেই সঙ্গেই ইসলামাবাদকে ৭০০ কোটি ডলারের আর্থিক সহায়তা প্রদান ঘিরে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) কাছে উদ্বেগও প্রকাশ করা হচ্ছে। এভাবেই পাকিস্তানকে ভাতে মারার ক্ষেত্র প্রস্তুত করছে ভারত। উল্লেখ্য, অর্থ তছরুপ ও সন্ত্রাসে আর্থিক মদত বন্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক নজরদার সংগঠন এফএটিএফ ২০১৮ সালের জুনে পাকিস্তানের নাম অন্তর্ভুক্ত করেছিল ধূসর তালিকায়। এর ফলে কার্যত দেউলিয়া ইসলামাবাদের সামনে আন্তর্জাতিক লগ্নি ও আর্থিক সহায়তার পথ বন্ধ হওয়ার জোগাড় হয়। চাপে পড়ে সেই সময় সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগ থাকা লোকজনের জেল-জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করে পাক প্রশাসন। বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে ২০২২ সালের অক্টোবরে এফএটিএফের ধূসর তালিকার বাইরে বেরতে সক্ষম হয় পাকিস্তান। তারই ‘সুফল’ সিসেবে গত বছর আইএমএফের সঙ্গে ৭০০ কোটি ডলারের আর্থিক প্যাকেজ সংক্রান্ত চুক্তি করতে সমর্থ হয় শাহবাজ শরিফের সরকার। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারতের অভিযোগ, আন্তর্জাতিক আর্থিক সহায়তার পথ মসৃণ হতেই ফের সন্ত্রাসে আর্থিক মদতের খেলা শুরু করেছে পাকিস্তান। আর্থিক প্যাকেজের টাকা ঘুরপথে যাচ্ছে সন্ত্রাসবাদী কাজকর্মে। সেই সূত্রেই পাকিস্তানের নাম ফের ধূসর তালিকায় ঢোকাতে এফএটিএফের গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে ভারত যোগাযোগ করতে পারে বলে খবর। কারণ জুন মাসেই ফের এফএটিএফের প্লেনারি বৈঠক রয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ