Bartaman Logo
৯ জুন, ২০২৬

১২ বছরে আমূল বদলে গিয়েছে দেশ: মোদি, কাল ভাঙবে জওহরলাল নেহরুর রেকর্ড

১২ বছরে ভারতের উন্নয়নে মোদির সরকারের পদক্ষেপ নিয়ে আলোচনা। নেহরুর রেকর্ড ভাঙার পথে মোদি। বিস্তারিত পড়ুন।

১২ বছরে আমূল বদলে গিয়েছে দেশ: মোদি, কাল ভাঙবে জওহরলাল নেহরুর রেকর্ড
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত ১২ বছরে ভারতের নানা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। দরিদ্র ও প্রান্তিক মানুষের উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বঞ্চিত মানুষদের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষ যাতে মর্যাদা সহকারে জীবনযাত্রার মানোন্নয়নের জন্য যথাযথ সুযোগ পায়, সেই লক্ষ্যেই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি), স্বচ্ছ ভারত অভিযান, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, আয়ুষ্মান ভারত সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হয়েছে। 

Advertisement

এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘গত ১২ বছরে ভারত বহু পরিবর্তনের সাক্ষী হয়েছে। এই পরিবর্তনের মূল উদ্দেশ্যই ছিল দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন।’ প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার সবসময় অন্ত্যোদয়ের আদর্শে অনুপ্রাণিত হয়েছে। যাঁরা দশকের পর দশক বঞ্চিত ছিলেন, তাঁদের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ায় ছিল আমাদের লক্ষ্য। এক্স হ্যান্ডলে নিজের পোস্টে ‘গরিব কল্যাণের ১২ বছর’ হ্যাশট্যাগ ব্যবহার করে প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রান্তিক মানুষের জীবনযাত্রা আরও ভালো করার জন্য প্রযুক্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ 
তিনি আরও জানান, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলির সহায়তায় সাধারণ মানুষজনের কাছে সরাসরি ও স্বচ্ছভাবে সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এর ফলে অপচয় ও দুর্নীতি কমেছে এবং প্রশাসনিক দক্ষতা বেড়েছে। এর ফলে সরকারের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে। এদিকে, ভারতীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। আগামী ১০ জুন টানা ৪,৩৯৯ দিন দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন সম্পূর্ণ করবেন মোদি। ভেঙে দেবেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৪,৩৯৮ দিনের রেকর্ডকে। -ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ