Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কমনওয়েলথ গেমসে চতুর্থ ভারত, ২০৩০ সালে আসর বসবে আমেদাবাদে

১৩ সোনা, ১৭ রুপো, ৯ ব্রোঞ্জ! কমনওয়েলথ গেমসে প্রত্যাশা ছাপিয়ে গেল ভারতের সাফল্য। মনে করা হচ্ছিল, মাত্র ১০টি খেলাতে সীমাবদ্ধ থাকা এবারের আসরে ৩০টি পদক জয়ও কঠিন হবে।

কমনওয়েলথ গেমসে চতুর্থ ভারত, ২০৩০ সালে আসর বসবে আমেদাবাদে
  • ৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গ্লাসগো: ১৩ সোনা, ১৭ রুপো, ৯ ব্রোঞ্জ! কমনওয়েলথ গেমসে প্রত্যাশা ছাপিয়ে গেল ভারতের সাফল্য। মনে করা হচ্ছিল, মাত্র ১০টি খেলাতে সীমাবদ্ধ থাকা এবারের আসরে ৩০টি পদক জয়ও কঠিন হবে। সেখানে ৩৯টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করল ভারত। স্বাভাবিকভাবেই এমন পারফরম্যান্স পরের কমনওয়েলথ গেমসের আগে আশা জাগাচ্ছে। কারণ চার বছর পর আমেদাবাদে বসবে কমনওয়েলথ গেমসের আসর। প্রথা মেনে সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয় গেমসের পতাকা। সেই উপলক্ষ্যে শঙ্কর মহাদেবন, মানুষী চিল্লাররা ২০ মিনিটের ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানও মেলে ধরলেন বিদায়ী মঞ্চে।

Advertisement

গ্লাসগোয় এবারের আসরে ভারতের সাফল্যের নেপথ্যে বড়ো অবদান রয়েছে বক্সারদের। ১০টি পদক জিতে রেকর্ডও গড়েছেন বক্সাররা। এরমধ্যে ৭টিই সোনা। বাকি তিনটি রুপো। সোনাজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য ৫৪ কেজি বিভাগে প্রীতি, ৫৭ কেজি বিভাগে জেসমিন ও ৭০ কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরী। এঁদের মধ্যে সমাপ্তি অনুষ্ঠানে তেরঙা বইলেন জেসমিন। ২৪ বছর বয়সি গত বছর লিভারপুলে জেতেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট। এবছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে পান রুপো। কমনওয়েলথ গেমসে অবশ্য আগেও পদক পেয়েছিলেন তিনি। ২০২২ সালে বার্মিংহামে ব্রোঞ্জ জেতেন জেসমিন। সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহকের সম্মান এই ধারাবাহিকতারই স্বীকৃতি। 
জুডোতেও কমনওয়েলথ গেমসে এসেছে ঐতিহাসিক সাফল্য। মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছেন অস্মিতা দে। এর আগে কোনো ভারতীয় মহিলা জুডোতে সোনা জেতেননি। ত্রিপুরার বঙ্গতনয়া নজির গড়লেন। এই ইভেন্টে পুরুষদের ৬০ কেজি বিভাগেও এসেছে সোনা। দেশকে গর্বিত করেন জুডোকা হর্ষ সিং। মহিলাদের ৬৩ কেজি বিভাবে ব্রোঞ্জ পান উন্নতি শর্মা। পাশাপাশি ভারোত্তোলনেও মিলেছে উল্লেখযোগ্য সাফল্য। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের হ্যাটট্রিক করেন মীরাবাঈ চানু। এছাড়া এই ইভেন্টে এসেছে ৬টি রুপো ও ১টি ব্রোঞ্জ।
এবারের গেমস চিহ্নিত হবে নীরজ চোপড়ার কামব্যাক মঞ্চ হিসাবেও। প্যারিস ওলিম্পিকসের পর চোট ও ফিটনেস সমস্যায় ক্রমশ হারিয়ে যাচ্ছিলেন তারকা জ্যাভেলিন থ্রোয়ার। ওলিম্পিকসে দু’টি পদকজয়ী নীরজ গ্লাসগোতে রুপো জিতে ফিরে পেলেন আত্মবিশ্বাস। একইসঙ্গে মরশুমের সেরা থ্রোও করলেন। এই ইভেন্টেই যশবীর সিংয়ের হাত ধরে ভারতের ঘরে আসে ব্রোঞ্জ।
পাশাপাশি অ্যাথলেটিকসেও দাপট দেখিয়েছে ভারত। পুরুষদের ১০ ও ৫ হাজার মিটারে যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ জেতেন গুলবীর সিং। এর আগে কোনো ভারতীয় কমনওয়েলথ গেমসের একটি আসরে অ্যাথলেটিকসে জোড়া পদক পাননি। প্যারা স্পোর্টসেও এবার এসেছে চমকপ্রদ সাফল্য। চার বছর পর দেশের মাটিতে এই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এখন ভারতের লক্ষ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ