ঢাকা, ৫ নভেম্বর: আজ, বৃহস্পতিবার পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে সাফ কাপে যাত্রা শুরু করল ভারত। এদিন বাংলাদেশের ঢাকার স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। প্রথম হাফ থেকেই আক্রমণ শুরু করে ভারত। ১৩ মিনিটের মাথায় প্রথম গোল করে টিম ইন্ডিয়া। সুহেলের শট জালে জড়িয়ে যায়। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। প্রথম গোলের প্রায় ৬ মিনিট পরই ফের সুযোগ মেলে। পাক গোলকিপারকে সম্পূর্ণ ভাবে পরাস্ত করে ১৯ মিনিটের মাথায় ফের গোল করেন সুহেল। ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ভারত। এরপর ৩১ মিনিটের মাথায় ভারতের হয়ে তৃতীয় গোল করেন কিপগেন। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। অন্যদিকে, প্রথমার্ধ্বের ৩৫ মিনিটে একটি পেনাল্টি পায় পাকিস্তান। কিন্তু ভারতীয় গোলরক্ষক অর্শ সেটিকে প্রতিহত করেন।
দ্বিতীয়ার্থের শুরু থেকেই ফের আক্রমণ শুরু করে ভারতীয় দল। ৫৩ মিনিটে দুরন্ত শট করেন কিপগেন। কিন্তু একটুর জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। ৬০ মিনিটে ফের শট করেন আদিসন। সেটিকেও আটকে দেন পাক গোলরক্ষক ইউসুফ বাট। ৯০ মিনিট পর্যন্ত স্কোর ছিল ৩-০। কিন্তু অতিরিক্ত সময়ে খেলা নাটকীয় মোড় নেয়। ৯১ মিনিটে গোল করেন পাকিস্তানের আদিল। ৯৪ মিনিটে ফের গোল করেন পাক প্লেয়ার আলমগীর। সমতা ফেরানোর মরিয়া প্রয়াস করতে থাকেন পাক খেলোয়াড়রা। ৯৫ মিনিটে ফের শট করনে পাক প্লেয়ার ম্যাককিল। কিন্তু বাজপাখির মতো উড়ে গিয়ে দুরপাল্লার সেই শট রুখে দেন ভারতীয় গোলরক্ষক অর্শ আনোয়ার শেখ। শেষে পাকিস্তানকে হারিয়ে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত। আগামী ১১ নভেম্বর মালদ্বীপের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল।



