নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল চালু হওয়ার পর থেকে একাধিক দাবি জানিয়ে আসছিলেন নিত্যযাত্রীরা। তারমধ্যে অন্যতম ছিল স্টপেজ সংখ্যা বৃদ্ধি। সেই দাবিতে মান্যতা দিয়ে যাত্রী সুবিধার্থে শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ এসি লোকালে বাড়ানো হল স্টপেজ সংখ্যা। পূর্বরেল জানিয়েছে, ১৫ জুন থেকে নয়া নির্দেশিকা কার্যকর হয়েছে। পরীক্ষামূলকভাবে ৩১ জুলাই পর্যন্ত বেশ কিছু নতুন স্টেশনে দাঁড়াবে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল। স্টেশনগুলি হল শিমুরালি, হালিশহর, কাঁকিনাড়া, জগদ্দল ও ইছাপুর। ৩১৬৩৭ নং শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ইছাপুর ছাড়বে সন্ধে ৭টা ৩২ মিনিটে, জগদ্দল ছাড়বে ৭টা ৩৯ মিনিটে, কাঁকিনাড়া ছাড়বে ৭টা ৪২ মিনিটে হালিশহর ছাড়বে ৭টা ৫৪মিনিটে এবং শিমুরালি ছাড়বে ৮টা ১২ মিনিটে। অন্যদিকে, ৩১৬৩৭ নম্বর রানাঘাট-শিয়ালদহ এসি লোকাল শিমুরালি ছাড়বে সকাল ৮টা বেজে ৪৫ মিনিটে, হালিশহর ছাড়বে ৯টা ০২ মিনিটে, কাঁকিনাড়া ছাড়বে ৯টা ১৩ মিনিটে, জগদ্দল ছাড়বে ৯টা ১৬ মিনিটে, ইছাপুর ছাড়বে ৯টা ২৩ মিনিটে। পূর্বরেল সূত্রে জানা গিয়েছে, এই সব স্টেশনে যদি পর্যাপ্ত সংখ্যায় যাত্রী ওঠানামা করেন, তাহলে আগামী দিনেও স্টপেজগুলি রেখে দেওয়া হতে পারে। তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।



