আটঘণ্টা কাজের দাবি। অন্যায্য? দীপিকা পাড়ুকোনকে এই দাবির জন্যই নাকি বিগবাজেট ছবির কাজ হারাতে হয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েছেন নায়িকা। প্রকাশ্যে এই ঘোষণা হয়নি ঠিকই। কিন্তু তা যে একরকম সত্যি, নামপ্রকাশে অনিচ্ছুক বহু সূত্র সে খবরে মান্যতা দিয়েছে। দীপিকার পরিবর্তে নাকি কাস্ট করা হয়েছে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। এই ঘটনায় বলি পাড়ার সমর্থন পেয়েছেন দীপিকা। তাঁর দাবিকে সম্পূর্ণ ন্যায্য বলেছেন কাজল, অজয় দেবগন, সইফ আলি খান, পঙ্কজ ত্রিপাঠী, রাধিকা আপ্তের মতো তারকারা। অন্যান্য পেশার মতো বিনোদন জগতেও আটঘণ্টা কাজ হোক— চান তাঁরা। এবার দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকারাও দীপিকার সমর্থনে মুখ খুলছেন। সদ্য এক সাক্ষাৎকারে দক্ষিণী পরিচালক মণিরত্নম বলেছেন, ‘আমার মনে হয় এটাই ন্যায্য দাবি। দীপিকা অন্তত এই দাবি করার জায়গায় পৌঁছেছে, এটা দেখে আনন্দ হচ্ছে। পরিচালক হিসেবে মনে করি, অভিনেতাদের এই দাবিগুলি বিবেচনা করা উচিত। এমন প্রস্তাব দেওয়াই প্রয়োজনীয়।’



