নতুন প্রেমে পড়েছেন আমির খান। গত মাসে নিজের জন্মদিনের অনুষ্ঠানে প্রেমিকা গৌরীর সঙ্গে সাংবাদিকদের আলাপ করিয়েছিলেন অভিনেতা। যদিও তখনও গৌরীকে নিয়ে প্রকাশ্যে আসতে নারাজ ছিলেন তিনি। তারপর একাধিকবার পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন দু’জনে। তবে স্বেচ্ছায় ক্যামেরাবন্দি হননি। এবার হলেন। কিন্তু ভারতের মাটিতে নয়। সদ্য চীনের ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি অনুষ্ঠানে গৌরীকে নিয়ে হাজির ছিলেন আমির। সেখানেই প্রথমবার প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এসেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের অভিনেতা শেং টেং ও মা লি। তাঁদের সঙ্গে আমির ও গৌরীকে ছবি তুলতে অনুরোধ করেন অনেকে। হাসিমুখে সেই আবদার মেনে নেন আমির। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরীর সঙ্গে গত ২৫ বছর ধরে আমিরের পরিচয় রয়েছে। গত দেড় বছর ধরে প্রেম করছেন তাঁরা। উল্লেখ্য, এরপর ‘সিতারে জমিন পার’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে। সেই ছবির জন্য শীঘ্রই জেনেলিয়া দেশমুখের সঙ্গে একটি গানের দৃশ্য শ্যুট করবেন আমির। আগামী বছর ছবি মুক্তি পাওয়ার কথা।



