Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

‘পাকিস্তান ম্যাচ খেলতে কলম্বো যাচ্ছি’, ক্যাপ্টেন্স মিটে ঘোষণা সূর্যকুমারের

সিদ্ধান্তে এখনও অনড় পাকিস্তান সরকার। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন না সলমন আগারা।

‘পাকিস্তান ম্যাচ খেলতে কলম্বো যাচ্ছি’, ক্যাপ্টেন্স মিটে ঘোষণা সূর্যকুমারের
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: সিদ্ধান্তে এখনও অনড় পাকিস্তান সরকার। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন না সলমন আগারা। টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে যতই ধোঁয়াশা থাকুক নির্ধারিত সূচি মেনেই কলম্বোয় যাবে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ক্যাপ্টেন্স মিটে সূর্যকুমার যাদব বলেন, ‘পাকিস্তান খেলবে কী খেলবে না, সেটা ওদের ব্যাপার। এ নিয়ে আমার কিছু বলার নেই। আমরা পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে খেলেছি। তার আগেও মুখোমুখি হয়েছিলাম তিনবার। আইসিসি’র সূচি মেনে এবারও খেলার জন্য তৈরি। কলম্বো যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট বুক হয়ে গিয়েছে। আমরা যাব। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের খেলতে কোনও আপত্তি নেই।’

Advertisement

ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি। পিসিবি কর্তারাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রস্তাব দেওয়া হয়েছে। হাতে অনেকটা সময় রয়েছে। ফলে সবপক্ষই জল মাপছে। এরই মধ্যে ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। শনিবার রয়েছে তিনটি ম্যাচ। ভারত অভিযান শুরু করবে মুম্বইয়ে। প্রতিপক্ষ আমেরিকা। ইডেনে বিকেল তিনটেয় ওয়েস্ট ইন্ডিজ খেলবে বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিরুদ্ধে। কলম্বোয় সকাল এগারোটায় পাকিস্তান মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এবার যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে শ্রীলঙ্কা ও ভারত। তবে অধিকাংশ ম্যাচই হবে ভারতে। শনিবার ওয়াংখেড়েতে ম্যাচ শুরুর আগে রয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করবেন নোরা ফতেহি, শিবমণি, বাদশা ও ঋষভ ঋখিরাম শর্মা।

গতবার রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার অন্যতম ফেভারিট সূর্যকুমাররা। বিশের ফরম্যাটে ২০২৪ সাল থেকে ধারাবাহিকভাবে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ‘মেন ইন ব্লু’। অধিনায়ক সূর্যকুমারের কথায়, ‘আমরা গত কয়েক বছর ধরে দুর্দান্ত ক্রিকেট মেলে ধেরেছি, সিরিজ জিতেছি। এশিয়া কাপে পেয়েছি সাফল্য। টি-২০ বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজার রাখতে মরিয়া।’

কাপযুদ্ধের আগে সঞ্জু স্যামসনের অফ ফর্ম চিন্তায় ফেলেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। সেই সমস্যার সমাধান সূত্র মিলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্ততি ম্যাচে। ওপেনার হিসেবেও দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেন ঈশান কিষান। খুব সম্ভবত আমেরিকার বিরুদ্ধে অভিষেক শর্মার সঙ্গে তিনিই ইনিংসের সূচনা করবেন। একই সঙ্গে চোট সারিয়ে ফেরা তিলক ভার্মাকে ছন্দে দেখে অনেকটাই স্বস্তিতে কোচ গৌতম গম্ভীর। কিন্তু ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আরও কয়েক দিন অপেক্ষা করবে বলে জানিয়েছেন সূর্যকুমার। স্পিন অলরাউন্ডার সুন্দর আপাতত বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব করছেন। নতুন করে চোট পেয়েছেন পেসার হর্ষিত রানা। প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম। পরিস্থিতি খারাপ হলে, পরিবর্ত নেওয়ার কথাও ভাবতে হতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ