দেরাদুন: ‘আমি আপনাদের পরিচ্ছন্ন পানীয় জল দিয়েছি। যদি সেই জল খেয়ে আমাকে ভোট না দেন, তবে আপনাদের পেটে পোকা হবে।’ হরিদ্বারের বিজেপি নেতা সঞ্জয় গুপ্তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। প্রাক্তন জনপ্রতিনিধির এহেন বক্তব্যের বিরুদ্ধে বাছা বাছা বিশেষণে আক্রমণ শানিয়েছে নেটিজেনরা।
২০১২ ও ২০১৭ সালের উত্তরাখণ্ডের লসকর থেকে জিতে বিধায়ক হন সঞ্জয়। সেসময় তার বিধানসভা এলাকার একটা বড় অংশে জলের সংকট ছিল। যেটুকু পানীয় জল মিলত, তাও ছিল দূষিত। নিজের মেয়াদেই বিধানসভা এলাকায় পানীয় জল সরবরাহের প্রকল্প শুরু করেন তিনি। নিজের জন্মদিনের একটি অনুষ্ঠান থেকে সেই প্রসঙ্গ মনে করিয়ে দিতেই এই মন্তব্য করেন বিজেপি নেতা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী স্বামী জ্যোতিশ্বরানন্দ, ধর্মীয় নেতা মহান্ত হরিদাস পুরী সহ স্থানীয় বিজেপির বেশ কয়েকজন নেতা ও বহু কর্মী-সমর্থক।