Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘বিশ্বাস না করলে আমার সই করা চেক রাখুন’, টোপ গিলেই সর্বস্বান্ত, টাকা তুলতে প্রাক্তন কাউন্সিলারের পুত্রের নানা প্রলোভন

আসানসোলের প্রাক্তন কাউন্সিলারের ছেলের চিটফান্ডের আদলে টাকা লুটের ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

‘বিশ্বাস না করলে আমার সই করা চেক রাখুন’, টোপ গিলেই সর্বস্বান্ত, টাকা তুলতে প্রাক্তন কাউন্সিলারের পুত্রের নানা প্রলোভন
  • ২৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোলের প্রাক্তন কাউন্সিলারের ছেলের চিটফান্ডের আদলে টাকা লুটের ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।  এক বছরের মধ্যেই কয়েকশো কোটি টাকা লুট করার অভিযোগ উঠছে আসানসোল রেলপাড়ের বাসিন্দা তাহসিন আহমেদের বিরুদ্ধে। শিকার ধরতে দুর্দান্ত এক অভিনব পন্থা নিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে তাঁদের কাছ থেকে টাকা নেওয়ার পর সমান অঙ্কের টাকার চেক ফেরত দিতেন। তাঁর দাবি ছিল, আমি ‘যদি চুক্তি মতো টাকা ফেরত দিতে না পারলে আমার দেওয়া চেক ভাঙিয়ে টাকা তুলে নেবেন।’

Advertisement

প্রতারিতরা সেই চেক দেখিয়ে পুরো বিষয়টি বৃহস্পতিবার প্রকাশ্যে আনেন। তাঁদের অভিযোগ, এই চেক দেওয়ার পিছনেও প্রতারণা রয়েছে। তাহসিন নিজের নামে যে চেক দিতেন, ওই অ্যাকাউন্টে কোনও টাকাই থাকত না। চুক্তি মতো টাকা ফেরত না পেয়ে ব্যাঙ্কে গিয়ে বিষয়টি জানতে পেরেছেন তাঁরা। অভিযোগ, আর্থিক প্রতারণা করেও বাবা ও ছেলে রীতিমতো প্রতারিতদের হুমকি দিতেন। তাঁরা বলতেন, ‘আমাদের নামে থানায় অভিযোগ করলে কোনও টাকাই ফেরত পাওয়া যাবে না। আমরা কয়েকদিন জেল খেটে বাড়ি চলে আসব।  সারদা ও রোজভ্যালির টাকাও কোনও মানুষ ফেরত পাননি।’ এমন হুমকির জেরে অনেকে প্রতারিত হয়েও থানায় অভিযোগ করেননি। তাঁদের আশঙ্কা ছিল, একবার মামলা হয়ে গেলে লক্ষ লক্ষ টাকা ফেরত পাওয়ার আর কোনও রাস্তা থাকবে না। তাই বেশ কিছুদিন ধরে প্রতারিতরা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেও থানায় অভিযোগ করেননি। অবশেষে মৌটুসি দত্ত আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে। 
ইতিমধ্যেই প্রভাবশালী বাবা ও ছেলের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারী অফিসার। তাঁদের নামে আরও কোনও অভিযোগ জমা পড়ছে কি না, তাও দেখছে পুলিশ। ডিসি ধ্রুব দাস বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় স্তরের এই চিটফান্ডগুলির বাড়বাড়ন্ত করোনা কালের পর থেকেই। শেয়ার মার্কেটে বিনিয়োগ করে বিপুল মুনাফা পাওয়া যাচ্ছে। ব্যাঙ্কে টাকা রাখলে সেই মুনাফা মিলবে না। প্রতারকদের এমন  প্রচারের টোপ গিলেই বহু পরিবার সর্বস্বান্ত হয়েছেন। আসানসোলে তাহসিন আহমেদ ছাড়াও আরও অনেকে এই কারবার খুলে বসেছে বলে অভিযোগ উঠছে।
এদিকে, তাহসিনকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাহসিনের বাবাকে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা বলে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মা‌ই঩নোরিটি সেলের সভাপতি সৈয়দ মেহেফুজুল হাসান ওরফে মনু অবশ্য বলেন, ‘তাহসিন আহমেদ ও তার বাবা সাকিল আহমেদের সঙ্গে বর্তমানে দলের কোনও যোগ নেই। তিনি এখন আমাদের সংগঠনের কোনও পদে নেই।’ একই কথা সাংবাদিক সম্মেলন করে জানান স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি অর্নিবাণ দাসও।  আর্থিক প্রতারণায় অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলরের বাড়ি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ