নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের জয়ী প্রার্থী থেকে সাধারণ নেতা-কর্মী কম বেশি সবাই আতঙ্কে রয়েছেন। জায়গায় জায়গায় চলছে ভাঙচুর ও লুটপাট। এইসব ঘটনার মধ্যে হামলাকারীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন ক্যানিং পশ্চিমের বিজয়ী তৃণমূল প্রার্থী পরেশরাম দাস। ভিডিয়ো বার্তা দিয়ে তিনি জানান, যদি কারও উপর রাগ বা অভিমান মেটাতে হয় বা তাঁকে মারধর না করে আমার উপর আক্রোশ মেটান। ক্ষতি করতে হলে আমার করুন। আমার বাড়িতে ভাঙচুর চালান। কিন্তু দয়া করে কর্মী-সমর্থক বা সাধারণ মানুষের বাড়িতে হামলা বা লুটপাট চালাবেন না। অনেকেই তাঁদের ব্যক্তিগত রাগ মেটাচ্ছেন। তাই অনুরোধ করছি, এমন করবেন না।
ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই ক্যানিং পশ্চিমের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে তাণ্ডব। বিজেপির নাম করে কিছু মানুষ গ্রামে গ্রামে হাঙ্গামা করছে বলে অভিযোগ। বিজেপির নেতৃত্ব এমন ঘটনা থেকে বিরত থাকার আবেদন জানালেও ভাঙচুর ও হামলার ঘটনা থামছে না। এমন অবস্থায় নিজের দলীয় কর্মী ও সমর্থকদের পাশে দাঁড়াতে বিশেষ বার্তা দিতে উদ্যোগী হলেন পরেশবাবু। ক্যানিং শহরে তাঁর নিজস্ব পার্টি অফিসেও ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। সে প্রসঙ্গ টেনে তিনি ভিডিয়ো বার্তায় জানান, পুরানো যাঁরা বিজেপির সঙ্গে যুক্ত তাঁরা এই হামলার সঙ্গে যুক্ত নয়। রাতারাতি যাঁরা স্বার্থ চরিতার্থ করতে জার্সি বদল করেছেন তাঁরাই আনন্দের মুহূর্তে ব্যক্তিগত রাগ মিটিয়ে নিচ্ছেন। চারদিকে থেকে এমন অনেক খবর আসছে। তাই এসব বন্ধ করার অনুরোধ জানিয়েছেন বিধায়ক। পাশাপাশি তাঁর বক্তব্য, নতুন সরকারের নেতৃত্বে এলাকার কাজ করবেন। মানুষের পাশে থাকবেন। বিধায়কের এই ভিডিয়ো বার্তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, সহানুভূতি কুড়োনোর জন্য এসব করেছেন পরেশবাবু।