Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ইএম বাইপাসে ডিভাইডারে ধাক্কা মেরে মৃত বাইকচালক

ইএম বাইপাসে ডিভাইডারে ধাক্কা মেরে মৃত বাইকচালক
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মা ফ্লাইওভারের পর এবার ই এম বাইপাস। রবিবার মধ্যরাতে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের নীচে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুত গতির বাইক ডিভাইডারে ধাক্কা মারে। ছিটকে গিয়ে পড়েন চালক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম রোশন সিং (২২)। পুলিস জানিয়েছে, তাঁর মাথায় হেলমেট ছিল না। প্রত্যক্ষদর্শীরা বেলেঘাটা থানায় খবর দেন। পুলিস এসে রোশনকে এন আর এস মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
Advertisement
পুলিস সূত্রে খবর, বেলেঘাটার চাউলপট্টি রোডের বাসিন্দা রোশন। রবিবার রাতে বন্ধুর বাড়ি থেকে বাইপাস ধরে ফিরছিল সে। উল্টোডাঙার থেকে কাদাপাড়ার দিকে আসার সময় ফাঁকা বাইপাসে গতির ঝড় তোলে ওই বাইকচালক। সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের ঠিক নীচে রাস্তার একেবারে ধারে নিয়ন্ত্রণ হারায় বাইকটি। চাকা পিছলে প্রায় ২০ ফুট দূরে রেলিংয়ে ধাক্কা মারে বাইকটি। ফুটপাতের লোহার গার্ডরেলে মাথা ঠুকে যায় রোশনের। সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছটফট করতে থাকেন যুবক। এক গাড়িচালক তাঁকে ওই অবস্থায় দেখতে পেয়ে পুলিসে খবর দেন। সেখানে আসেন বেলেঘাটা ট্রাফিক গার্ড ও থানার পুলিস। ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজারের ট্রাফিক বিভাগের ফেটাল স্কোয়াড। লালবাজার সূত্রে খবর, বাইপাসের উপরে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন থেকে দুর্ঘটনাস্থল পর্যন্ত অত্যন্ত দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন ওই যুবক। তদন্তকারীদের ধারণা, প্রায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে বাইক চালচ্ছিলেন রোশন। বাইকটি যে জায়গায় স্কিড করেছে সেটি একেবার বাইপাসের ধারে। মধ্যরাতের ফাঁকা বাইপাসে অতো ধার দিয়ে রুদ্ধশ্বাসে বাইক চালানোর কী প্রয়োজন পড়ল? কোনওভাবে মদ্যপান করে তিনি বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন কি না, তাও তদন্তকারীদের নজরে। লালবাজারের এক পদস্থ কর্তা জানিয়েছেন, মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। তাতেই স্পষ্ট হবে তিনি মদ্যপ ছিলেন কি না। 
সম্পর্কিত সংবাদ