Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃষ্টিতে ব্যাহত প্রতিমা তৈরির কাজ, উদ্বেগে মৃৎশিল্পীরা

পুজো আসতে বেশি দেরি নেই। তার আগে শুক্রবার প্রবল বৃষ্টিতে কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজ ব্যাহত হল।

বৃষ্টিতে ব্যাহত প্রতিমা তৈরির কাজ, উদ্বেগে মৃৎশিল্পীরা
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজো আসতে বেশি দেরি নেই। তার আগে শুক্রবার প্রবল বৃষ্টিতে কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজ ব্যাহত হল। দফায় দফায় বৃষ্টির কারণে কাজকর্ম যায় পণ্ড হয়ে। কাদাজলে ডুবে পটুয়াপাড়া বিপর্যস্ত হয়ে পড়ে। শিল্পীরা ত্রিপল টাঙিয়েও ঠিকমতো কাজ করতে পারেননি বলে জানিয়েছেন। 

Advertisement

প্রতিমাশিল্পীরা বলেন, ‘এবার গণেশ ও বিশ্বকর্মা পুজো একই সপ্তাহে পড়ায় চাপ বেশি ছিল। ফলে দুর্গা তৈরির কাজ কিছুটা কম গতিতে হয়েছে। শুক্রবার থেকে জোরকদমে কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু দুপুরের পর ঝেঁপে বৃষ্টি আসায় কাজকর্ম শিকেয় ওঠে। পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে চিন্তায় পড়েন শিল্পীরা। বৃষ্টিতে কিছু প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটি গড়িয়ে পড়েছে।’ কুমোরটুলি মৃৎশিল্পী সংগঠনের কর্তা বাবু পাল বলেন, ‘এরকম বৃষ্টি হলে সমস্যা বাড়বে। যাঁরা ইতিমধ্যেই প্রতিমার বায়না দিয়ে গিয়েছেন তাঁরা নির্দিষ্ট সময় প্রতিমা নিতে চাইবেন। সেটাই এখন সব থেকে বড়ো চিন্তার বিষয়। সঠিক সময় উদোক্তাদের হাতে মূর্তি তুলে দেওয়া নিয়ে চিন্তা বাড়ছে।’ মৃৎশিল্পীরা বলেন, ‘বৃষ্টির জেরে কিছু প্রতিমার মুখ আগুনে জ্বালিয়ে শোকাতে হয়েছে। বিকালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শুরু হয় প্রতিমা তৈরির কাজ। যেহেতু পুজো এগিয়ে আসছে তাই এখন গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। না হলে সঠিক সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়।’ অন্যদিকে বৃষ্টির মধ্যেও এদিন একাধিক তরুণ‑তরুণী কুমোরটুলিতে আসেন। তাঁরা ছাতা মাথায় প্রতিমা তৈরির কাজ দেখেন। কেউ মোবাইলে ছবি তোলেন। সেই দলের দুই যুবক বলেন, ‘প্রতিবছর এই সময় কুমোরটুলিতে আসি। ভালো লাগে বলে বৃষ্টি উপেক্ষা করে ছুটে আসি পটুয়াপাড়ায়।’ এছাড়া বৃষ্টির মধ্যেও কয়েকজন পুজো উদ্যোক্তা আসেন প্রতিমা তৈরির কাজ কতটা এগিয়েছে তা দেখতে। তাঁদের কথায়, ‘দেড় মাস আগে প্রতিমার বায়না দিয়েছিলাম। এদিন একটু দেখে গেলাম।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ