নয়াদিল্লি: সম্প্রতি মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনে তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি কংগ্রেস। আর তারপরই ইভিএমে কারচুপির অভিযোগ তুলে সরব হয় হাত শিবির। গেরুয়া শিবিরের এই জয় গণতান্ত্রিক নয় বলেও দাবি করে তারা। শুক্রবার সেই ইভিএম ইস্যুতে জোটসঙ্গী কংগ্রেসকে কটাক্ষ করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর কথায়, ‘ভোটে হারের পর ইভিএম নিয়ে এই কান্নাকাটি অবিলম্বে বন্ধ করা উচিত। নির্বাচনে জিতলে দলের জয়, আর হারলেই ইভিএমকে দোষ দেওয়া ঠিক নয়। এক্ষেত্রে ভোটের ফলাফল মেনে নেওয়াই বাঞ্ছনীয়।’এদিন ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি ওমর বলেন, ‘একই ইভিএমে যখন আপনি লোকসভা নির্বাচনে একশোর বেশি আসন পান, তখন বলেন এটা দলের জয়। আর কয়েকমাস পর প্রত্যাশা মতো ফল না হলেই সেই ইভিএমের ঘাড়েই দোষ চাপান। এটা ঠিক না। যদি ভোট পদ্ধতিতে আস্থা না থাকে তাহলে রাজনৈতিক দলগুলির প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।’ তাঁর কথাগুলো কি বিজেপি মুখপাত্রের মতো শোনাচ্ছে না? প্রশ্নের উত্তরে ওমরের সাফ জবাব, যা ঠিক, তিনি শুধু সেটাই বলেছেন।



