Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘বউ হারানোয় দর্শকের ভালোবাসা পেয়েছি’

‘বউ হারানোয় দর্শকের ভালোবাসা পেয়েছি’
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘লাপাতা লেডিজ’ এবং ‘দুপাহিয়া’র সাফল্য কতটা বদলেছে স্পর্শ শ্রীবাস্তবের জীবন? এক আড্ডায় জানালেন অভিনেতা।

Advertisement

দর্শকের ভালোবাসা
‘লাপাতা লেডিজ’ ছবিতে বউ হারিয়ে ফেলেছিলেন স্পর্শ। আমাজন প্রাইম ভিডিও-র কমেডি সিরিজ ‘দুপাহিয়া’-তে হল বাইক চুরি। পরবর্তী প্রজেক্টে কী খোয়াবেন? হাসতে হাসতে স্পর্শ বলেন, ‘আমার মনে হয় জীবন থেকে কোনও কিছু চুরি যাওয়ার পর অনেক কিছু পেয়েছি আমি। বউ এবং বাইক হারিয়ে যাওয়ার পর দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছি।
গ্রামের জীবন প্রিয়
‘দুপাহিয়া’ সিরিজের গল্প ধড়কপুর নামের এক গ্রামকে কেন্দ্র করে বোনা হয়েছে। স্পর্শের ছেলেবেলার দিনগুলো কেটেছে রাজস্থানের রাজাখেরা গ্রামে। গ্রাম আজও তাঁকে টানে। ‘চম্বলে মামার বাড়িতে গোবর আর মাটির প্রলেপ দেওয়া উঠোনের মাঝে বিশাল এক নিম গাছ ছিল। তার নীচে শুয়ে থাকার মজাই ছিল আলাদা। সেই নিম গাছের তলায় শুলে সব দুশ্চিন্তা নিমেষে উধাও হয়ে যাবে। গ্রামের সরল জীবন আমি খুব মিস করি। সুযোগ পেলে কোনও গ্রামের কাছাকাছি চলে যাই। এই সিরিজের পুরো শ্যুটিং গ্রামেই হয়েছিল। সিরিজটিতে অভিনয় করার এটাও একটা কারণ ছিল’, বলেন অভিনেতা।
জীবন বদলেছে
‘লাপাতা লেডিজ’-এর হাত ধরে আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছে স্পর্শ। সে ছবির পর জীবন কতটা বদলেছে? তিনি বলেন, ‘আমার কাছে এখন অনেক বেশি প্রস্তাব আসছে। তাই দর্শক আমাকে নানান চরিত্রে দেখতে পাবেন। হিন্দি ছাড়া দক্ষিণের ছবিতে কাজ করছি। মায়ের থেকে শিখেছি, সাফল্যকে মাথায় চড়তে দিতে নেই। তাই সাফল্যের ডানায় ভর করে আমি উড়তে চাই না।’
অন্য স্ট্রাগল
সময়ের সঙ্গে স্ট্রাগলের ধরন বদলায়। স্পর্শও ব্যতিক্রম নন। তাঁর কথায়, ‘একটা ছবি প্রশংসিত হওয়ার পর আমার কাছ থেকে সকলের প্রত্যাশা বেড়েছে। আমির (খান) স্যার ব্যস্ত থাকেন। তাও ওঁর সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করার চেষ্টা করি।’


দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ