Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ভরপুর প্রেমে আছি’

১৮ বছর কাটিয়ে ফেললেন ইন্ডাস্ট্রিতে। রিয়ালিটি শো দিয়ে কেরিয়ার শুরু। তারপর ধারাবাহিক, সিনেমা সহ বিভিন্ন ফরম্যাটে কাজ করেছেন অভিনেত্রী রণিতা দাস। কিন্তু আজও তাঁর কাছে সাধারণ দর্শকের প্রশ্ন, কবে ফিরবেন টেলিভিশনে?

‘ভরপুর  প্রেমে আছি’
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

১৮ বছর কাটিয়ে ফেললেন ইন্ডাস্ট্রিতে। রিয়ালিটি শো দিয়ে কেরিয়ার শুরু। তারপর ধারাবাহিক, সিনেমা সহ বিভিন্ন ফরম্যাটে কাজ করেছেন অভিনেত্রী রণিতা দাস। কিন্তু আজও তাঁর কাছে সাধারণ দর্শকের প্রশ্ন, কবে ফিরবেন টেলিভিশনে? ‘অনেক বছর ধরে এই প্রশ্ন শুনতে হয়। সব জায়গায় কাজ করে দেখেছি, মানুষ আমাকে টেলিভিশনেই ভালো গল্পে টানা দেখতে চান। খুব তাড়াতাড়ি সবার মনের ইচ্ছে পূর্ণ হবে। এখন এর থেকে বেশি কিছু বলতে পারব না’, বললেন ‘বাহা’ থুড়ি রণিতা।
‘বাহা’ চরিত্র তাঁর কেরিয়ারে এক মাইলস্টোন। সেটা স্বীকার করে রণিতা বলেন, ‘টেলিভিশনে ইতিহাস তৈরি করেছে বাহা। একটা সময় মনে হতো, এই ধাঁচ থেকে বেরতে পারি কি না, অন্য চরিত্র করতে পারি কি না, দেখা দরকার। পাশাপাশি এটাও বুঝেছি, ‘বাহা’ আমার সঙ্গে সারা জীবন রয়ে যাবে। পুরোটাই ঈশ্বরের দান।’ 
ঈশ্বরে বিশ্বাসী রণিতার হাত ধরে এবার ‘দেবী’র আগমন। মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি। নায়িকার কথায়, ‘জি বাংলা অরিজিনালস্-এর জন্য আমাদের প্রযোজনা সংস্থার তরফে ‘মণিহারা’ তৈরি করেছিলাম। সেটা দর্শকের ভালো লাগে। সিক্যুয়েল ‘দেবী’ তৈরির অফার দেওয়া হয় চ্যানেল থেকে। যেটা প্রথমে বড়পর্দায় মুক্তি পাবে তারপর জি-ফাইভ অ্যাপে দেখতে পাবেন দর্শক।’ চিত্রনাট্য অনুযায়ী মণি পেত্নির গল্প ছিল ‘মণিহারা’। গ্রামের বিয়েতে পণ দেওয়া নেওয়া হলে বিয়ে ভেস্তে দিত মণি। কারণ পণের জন্য ওর বিয়ে ভেঙে যায়। অর্থাৎ নেগেটিভ শক্তি হলেও তার উদ্দেশ্য ভালো। এই মণি এক মানুষের প্রেমে পড়ে। সেখান থেকে দেবীর জন্ম। রণিতা বললেন, ‘সমাজে পেত্নী শব্দটা নেগেটিভ ভাবে ব্যবহার করা হয়। কিন্তু যাকে ‘পেত্নী’ বলা হচ্ছে, সে যদি ভালো কাজ করে, তাহলে সেটা নিয়ে আলোচনা করা উচিত। এটাই ছিল আমাদের লক্ষ্য।’
কাজের পাশাপাশি রণিতার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল রয়েছে দর্শকের। সত্যিই কি প্রেম করছেন? হেসে রণিতা বলেন, ‘যখন ছোট ছিলাম, মন খুলে প্রেম করেছি। কিন্তু সম্পর্কে অন্যরকম কিছু ঘটার পর, অনেকে অনেক কথা বলেছেন। এখন অভিজ্ঞতায় শিখেছি, কথা কম বলতে হয়। যখন বিয়ে হবে, একেবারে চারহাতের ছবি পোস্ট করব। এটুকু বলতে পারি, ভরপুর প্রেমে আছি। বিয়ে, সংসার, ভালো মা হওয়া— আমার কাছে গুরুত্বপূর্ণ। আসলে সোশ্যাল মিডিয়ার ভালো, খারাপ দুটো দিকই আছে। সেখানে কতটা শেয়ার করব, তা নিয়ে এখন আমি সচেতন।’

Advertisement


স্বরলিপি ভট্টাচার্য

Advertisement
সম্পর্কিত সংবাদ